
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের এ লড়াইয়ে লিটন দাসের দল খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া।
নিশিনে আজ মালয়েশিয়ার খেলার কথা ছিল ওমানের বিপক্ষে। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচে টসই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করে মালয়েশিয়া।
অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ‘বি’ গ্রুপে রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে।

