ক্রীড়া প্রতিবেদক, দেশেরখেলা.কম:
বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় শুরু হয় এশিয়ান গেইমস ২৬ এর প্রথম সেমিফাইনাল। জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়। বৃষ্টি এবার দয়া করে বিরতি দিয়েছিল বলেই যে কথাটা বলা যাচ্ছে, কারণ এবারের এশিয়ান গেমস ক্রিকেটে বৃষ্টিই যেন হয়ে উঠেছিল মূল চরিত্র। একের পর এক কোয়ার্টার ফাইনাল ভেসে গেছে একফোঁটা বল না গড়িয়েই, আন্তর্জাতিক র্যাংকিং দেখেই ঠিক হয়ে গেছে কে যাবে সেমিতে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল না খেলেই উচ্চ-সিডিংয়ের সুবাদে সেমিতে ওঠে তারা। আজ অবশেষে মাঠে বল গড়ালো, আর তাতেই সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিল বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। মাঠ ভেজা থাকায় ম্যাচটি নির্ধারিত ২০ ওভার থেকে কমিয়ে ১৩ ওভারে নামিয়ে আনা হয়, বৃষ্টির থাবা থেকে এই ম্যাচও পুরোপুরি রক্ষা পায়নি। নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন তৌহিদ হৃদয়, ২৫ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। সাইফ হাসান করেন ১৯ রান, আর মোসাদ্দেক হোসেন করেন ১১ রান।
বাংলাদেশের বোলিং: রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নেন।
আরও পড়ুনঃ পিএল২-তে ফুলহ্যামের আলো ছড়ানো ফারহান কি কোচ ডুলির ইগোর শিকার?
পাকিস্তানের দাপুটে রান তাড়া
জবাব দিতে নেমে প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। মেহেদী হাসানের বলে প্রথম ওভারেই আউট হন পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহান। তবে সাইম আইয়ুবের ঝড়ো ২১ রানের ইনিংস পাকিস্তানকে ছন্দে ফেরায়, এরপর আব্দুল সামাদ ও হাসান নেওয়াজ মিলে কাজ শেষ করেন।
ম্যাচের মোড় ঘুরে যায় দশম ওভারে, যেখানে মুস্তাফিজুর রহমানের এক ওভারে চারটি চার ও একটি ছক্কা মেরে ২৩ রান তুলে নেন সামাদ। আব্দুল সামাদ ও হাসান নেওয়াজের মধ্যে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি পাকিস্তানকে পৌঁছে দেয় ফাইনালে। ৩০ রানে অপরাজিত থাকেন সামাদ (স্ট্রাইক রেট ২০০), আর ২৭ রানে অপরাজিত থাকেন নেওয়াজ। ১১.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১১২ রান তুলে ৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
ফাইনালে পাকিস্তান, প্রতিপক্ষ এখনো অনিশ্চিত
এই জয়ে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ক্রিকেটে ফাইনালে উঠল পাকিস্তান। শনিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।







