আগামী ২৮শে অক্টোবর বুধবার, বাংলাদেশ সময় সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের সাথে অনুষ্ঠিতব্য এই দুই ম্যাচ সহ বাংলাদেশের হাতে আর মাত্র ৬টি ম্যাচ অবশিষ্ট রয়েছে, যেখানে বাংলাদেশ ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে। টেবিলের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যথাক্রমে ১০৮ এবং ৫২ পয়েন্ট নিয়ে তাদের জায়গা পাকাপোক্ত করে আছে, যা অতিক্রম করা টাইগারদের জন্য মোটেও সহজ কাজ নয়। বাংলাদেশকে ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে হবে, নতুবা ফাইনালের অধরা স্বপ্ন আরও একবার দীর্ঘ হতে চলেছে।
এই সিরিজের পর বাকি থাকবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড, দুটোই কঠিন প্রতিপক্ষ। হিসাব বলছে, ফাইনালের স্বপ্ন বাঁচাতে বাকি ম্যাচগুলোর অন্তত চারটিতে জয় এবং একটিতে ড্র করতে হবে। তাই এই সিরিজের দুটো ম্যাচই বাংলাদেশের জন্য হতে পারে পয়েন্ট অর্জনের সবচেয়ে বড় সুযোগ। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার কোন সম্ভাবনা না থাকলেও তারা এই মৌসুমের শেষ সিরিজ জয় নিয়েই ঘরে ফিরতে চাই।
চলতি মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৩০, অবস্থান আটে। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক রোস্টন চেজ জানিয়েছেন, ভারত বা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন প্রস্তুতি লাগে, বাংলাদেশের বিপক্ষেও তেমনই নিতে হবে। নির্দিষ্ট কোনো ব্যাটিং ছক নেই, কন্ডিশন আর ম্যাচের পরিস্থিতি দেখে খেলবেন ব্যাটাররা। চেন্নাইয়ে ১০ দিনের ক্যাম্প, দুটি অনুশীলন সেশন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলেই মিরপুরে নেমেছে তারা। দলে এমন ১০ জন আছেন, যাঁরা এর আগে কখনো বাংলাদেশে টেস্ট খেলেননি। তাঁদের বলা হয়েছে, আগে থেকে কিছু ধরে না নিয়ে বল দেখে খেলতে। চেজের লক্ষ্য দুই টেস্টই জেতা। এতে পাঁচ-ছয় নম্বরে শেষ করা সম্ভব। প্রধান কোচ ড্যারেন স্যামিও শেষ সিরিজে ভালো পারফরম্যান্সের তাগিদ দিয়েছেন। তবে ঘরের মাঠে বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ, সেটাও মেনে নিয়েছেন তিনি। এ বছর চার টেস্টে ক্যারিবীয়দের ফল দুই জয়, এক ড্র এবং এক হার।
শাই হোপ বিশ্রামে থাকায় এই সিরিজে নেই, যা চেজের ভাষায় অনেক বড় ক্ষতি। অলরাউন্ডার জাস্টিন গ্রিভসের সামান্য চোট ছিল, আশা করা যাচ্ছে তিনি খেলতে পারবেন। অন্যদিকে নাহিদ রানা না থাকায় বাংলাদেশের পেস আক্রমণ তুলনামূলক দুর্বল হয়েছে, যা নিয়ে চেজ কৌতুকও করেছেন বটে। উইকেটে ঘাস থাকলেও ভেতরটা শুষ্ক, তাই স্পিনও কাজে লাগবে বলে মনে করছেন তিনি।
অপরদিকে সমীকরণ নিয়ে চাপে নেই বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে এটা তাদের জন্য অনুপ্রেরণা। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দূরের লক্ষ্য না ভেবে দল প্রতিটি সেশন ধরে ধরে এগোতে চায় তারা। আগের চেয়ে চাপ সামলানোর ক্ষমতাও বেড়েছে, তবে পুরোপুরি ঠিক হয়নি বলেও স্বীকার করেছেন। সাম্প্রতিক কয়েকটি টেস্টের ধারাবাহিকতা নিয়ে তাঁর বক্তব্য ছিলো খোলামেলা। সেখান থেকে দল আরও ২০-৩০ শতাংশ উন্নতি করবে বলে আশা করেন তিনি। কোচ ফিল সিমন্সের বিশ্বাস, ফাইনালে ওঠার সম্ভাবনা ক্রিকেটারদের চাঙ্গা রাখবে। আবু ধাবির হতাশা দলে প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন তিনি।
বছরটা বাংলাদেশের জন্য একপ্রকার মিশ্র গেছে। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ১-১ এ শেষ হয়েছে, আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া হয়ে ড্র হয়েছে। তবে ওই দুই সিরিজ চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না জন্য পয়েন্ট টেবিলে কোন ক্ষতি হয়নি। পরিসংখ্যানের দিক থেকে বিবেচনা করলে ক্যারিবীয়রা অবশ্য এগিয়েই থাকবে। ২২ টেস্টে বাংলাদেশের জয় পাঁচটি, ওয়েস্ট ইন্ডিজের ১৫টি এবং দুইটিতে ড্র। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া সিরিজে ক্যারিবীয়রা ২-০ ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরেছিলো। এবার ঘরের মাঠে সেই ইতিহাস বদলাতে পারবে কি না, তাই এখন দেখার পালা।
আরও পড়ুনঃ সাফের প্রাথমিক দলে হামজা-শমিতসহ ২৮ জন, নতুন মুখ রোনান ও মাহে, নেই ডেক্লান







