---Advertisement---

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট: ২৭২-এ শেষ, ম্যাচে ফেরালেন তাইজুল

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে উইকেট উদযাপন করছেন তাইজুল ইসলাম
---Advertisement---

বৃহস্পতিবারের দিনটা টাইগার শিবিরে যে আঘাত হেনেছে, সে আঘাতের ব্যথা ভুলতে তারা এই দিনটা ক্যালেন্ডার থেকে অবশ্যই মুছে দিতে চাইবে। প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে সাদমান ইসলামের শতক পূর্ণ হওয়ার পর পরই মিরপুরে দ্বিতীয় দিনের গল্পটা যেন দ্রুত বদলে যায়। আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে মাঠে নামা বাংলাদেশ ৭ উইকেটে দলের খাতায় যোগ করতে পেরেছে মাত্র ৫৯ রান। ফলাফল ইনিংস থামে ২৭২ রানে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দিনের শেষে ৪ উইকেটে ১৩৪ রানে পৌঁছেছে। বৃষ্টি ও আলোর অভাবে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা রান থেকে ক্যারিবীয়রা এখনো ১৩৮ রানে পিছিয়ে, হাতে রয়েছে আরও ৬ উইকেট।

সাদমানের জন্য শুরুটা অবশ্য স্বপ্নের মতোই ছিল। ৯৯ রান নিয়ে মাঠে নেমে দিনের দ্বিতীয় বলেই শতক পূর্ণ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটা ছিলো তাঁর তৃতীয় আর দেশের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি। এই বাঁহাতি ওপেনার প্রায় দেড় বছর পর টেস্টে রানের সংখ্যায় তিন অঙ্কের দেখা পেলেন। কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে দ্বিতীয় দিনে মাত্র ৬ রান তুলে ১০৫ রানে থেমে যায় তাঁর ইনিংস। সেখান থেকেই দলের ভাঙন শুরু।

আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া তাওহিদ হৃদয় ব্যাট করতে ফিরলেও তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। বিশপের ফুল লেন্থ বলে বাজে শট খেলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের শিকার হন মেহেদী হাসান মিরাজ। শামার জোসেফ ফেরান নাঈম হাসান ও মাহমুদুল হাসান জয়কে। শেষ দিকে পরপর দুই বলে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামকে ফিরিয়ে ইনিংস শেষ করেন ওয়ারিকান। বল হাতে ৫৩ রানে ৫ উইকেট নেওয়া এই স্পিনারই ছিলেন আজকের সকালের সবচেয়ে বড় কারিগর। বাংলাদেশের শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ১৯ রানে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিল বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে। জন ক্যাম্পবেল ইনিংসের শুরুতে দুবার জীবন পান। ৫ রানে নাঈমের হাতে আর ২২ রানে শরিফুলের হাতে ক্যাচ দিয়েও রক্ষা পান তিনি। সুযোগ কাজে লাগিয়ে তেজনারায়ণ চন্দরপলকে নিয়ে গড়েন ৬১ রানের জুটি। বৃষ্টির বিরতির পর ফিফটিও পূর্ণ করেন। কিন্তু মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বসেন তিনি। স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যাম্পবেল ফেরেন ৫০ রান করে।

এরপরই আসে দিনের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। তাইজুল ইসলামের ওভারে পরপর দুই বলে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন কাভেম হজ ও আমির জাঙ্গু। হজের রক্ষণাত্মক শট থেকে নিচু হয়ে চমৎকার ক্যাচ নেন মমিনুল হক। পরের বলে জাঙ্গুকে ডিপ স্কয়ার লেগে ক্যাচে পরাজিত করেন তানজিদ হাসান। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা।

তবে শেষ বিকেলে আর কোনো ঝুঁকি নেননি চন্দরপল ও জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩১ রান যোগ করেন তাঁরা। দিন শেষে চন্দরপল ৪৩ আর গ্রিভস ১৫ রানে অপরাজিত রয়েছেন। স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে বৃষ্টির কারণে আম্পায়াররা খেলার সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।

শতক পূর্ণ করেও দিন শেষে সাদমানের কণ্ঠে ছিল দলের ব্যর্থতার তীব্র ছাপ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, টপ অর্ডারের কেউ একজন ১৫০ বা ২০০ রান পর্যন্ত ইনিংস টেনে নিলে দলের সংগ্রহ ৪৫০-৫০০ ছুঁতে পারত, যা দলের জন্য বড় সুখকর হইতো। অবশ্য নিজের ভুলও স্বীকার করেছেন তিনি। তার মতে লিটন দাসের সঙ্গে জুটিটা আরও লম্বা করা উচিত ছিল। তবে টাইগারদের ব্যাটিং ধসের পেছনে তিনি উইকেটকে কোনভাবেই দায়ী করেননি। তিনি হৃদয়ের আউটের উদাহরণ টেনে বলেন, ওটা ছিল মারার মতো হাফ ভলি, সেখানে উইকেটের কোনো দোষই ছিল না। আসল কারণ তাদের ভালো বোলিং আর নিজেদের কিছু ভুল।

তকের খরা কাটানোর পেছনের গল্পও শুনিয়েছেন সাদমান। গত তিন বছর ধরে রান করলেও ফিফটিকে সেঞ্চুরি বানাতে পারছিলেন না। ফিটনেস ও ব্যাটিং, দুই জায়গাতেই কাজ করেছেন তিনি। এ নিয়ে কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল ও কোচ সালাউদ্দিনের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ব্যাটিং গড় এখন ৫৯-এর বেশি, তবে এই প্রতিপক্ষকে বিশেষ পছন্দের বলতে রাজি নন তিনি। তাঁর মতে এটা পরিশ্রম আর ভাগ্যের ব্যাপার। সামনে তানজিদের সঙ্গে নতুন বল সামলে ভালো ওপেনিং জুটি গড়াই তাঁদের লক্ষ্য।

তৃতীয় দিনের সকালটা তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। চন্দরপল ও গ্রিভসকে দ্রুত ফেরাতে পারলে ম্যাচে ঘরের দলের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে। আর টিকে গেলে ১৩৮ রানের ব্যবধান কমিয়ে আনার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুনঃ ফাইনালের স্বপ্ন বাঁচানোর লড়াই, মিরপুরে উইন্ডিজ বধের মিশনে নামছে বাংলাদেশ

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment