আবু ধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শনিবার জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় তারা। ফলাফল, ৯৯ রানের বড় হার।
ম্যাচের শুরুতেই বাংলাদেশ শিবিরে এক আশ্চর্যজনক ঘটনা সামনে এলে দর্শক মহলে নানান গুঞ্জনের সৃষ্টি হয়। টসের সময় দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসের পরিবর্তে মাঠে নামেন সহ অধিনায়ক তৌহিদ হৃদয়। এসময় হৃদয় জানান, লিটন ডান হিপ জয়েন্টে চোট পাওয়ায় ফিটনেস টেস্টে উর্তীর্ণ হতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যান। তার পরিবর্তে মাঠে নামেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম চার ওভারেই তাসকিন আহমেদ তিন উইকেট তুলে নেন। ব্রায়ান বেনেট ৬ বলে ০ ও বেন কারান ১১ বলে ৬ করে এলবিডব্লিউ হন, আর তাফাদজওয়া সিগা ১৫ বলে ১৬ রানের ইনিংস খেলে ক্যাচ তুলে দেন নুরুল হাসান সোহানের হাতে। সাত ওভারের মধ্যেই মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
কিন্তু এরপরই খেলার চেহারা বদলে যায়। ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভাইন চতুর্থ উইকেটে দলের হয়ে ১৫০ রান যোগ করেন । জিম্বাবুয়ে প্রথম পাওয়ার প্লেতে তুলেছিল মাত্র ৩০, কিন্তু পরের ৩০ ওভারে আসে ১৭১ রান। বাংলাদেশের নিয়মিত বোলাররা এই জুটি ভাঙতে ব্যর্থ হলে অধিনায়ক তৌহিদ হৃদয় বল তুলে দেন পার্টটাইম বোলার সাইফ হাসানের হাতে। আর তাতেই কাজ হয়। সাইফের দ্বিতীয় বলেই রিভার্স সুইপ করতে গিয়ে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টেইলর (১০১ বলে ৮১)। সাইফের পরের ওভারে ফেরেন সিকান্দার রাজা (৪)। এরপর শরীফুলের এক ওভারে দুই ধাক্কা, নুরুলের হাতে ক্যাচ দিয়ে আরভাইন (৯৩) ফিরলেন সেঞ্চুরির সাত রান আগে, আর সঙ্গে ফিরলেন ব্র্যাড ইভান্সও। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস থামে ২৭১/৮ রানে। তাসকিন ৪৪ রানে তিনটি, আর শরীফুল ৪৭ রানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
অবশ্য একটি রেকর্ডের কারণে টেইলরের এই ইনিংস আলাদা মাত্রা পেয়েছে । ৪০ বছর বয়সী এই ব্যাটার ২১১ ওয়ানডেতে ৬,৮৩৭ রান নিয়ে অ্যান্ডি ফ্লাওয়ারকে (৬,৭৮৬) টপকে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক বনেছেন। ছয় বছর পর ওয়ানডেতে তাঁর প্রথম হাফসেঞ্চুরিও এসেছে এই ম্যাচে।
২৭২ রানের লক্ষ তাড়া করতে বাংলাদেশের শুরুটা মোটেও ঠিকঠাক ছিল না। তানজিদ হাসান ২৩ বলে ৩০ রান করে ঝড়ো শুরু এনে দিলেও ৭ ওভার শেষে দলের রান ছিল ৪৮/১। এরপর বাংলাদেশ ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। ২০ ওভারে রান ১০৯, কিন্তু উইকেট পড়ে গেছে ৪টি। ১৬১ রানে ৮ উইকেট পড়ার সময় মোসাদ্দেক ২৩ ও তাসকিন ১১ রানে ক্রিজে ছিলেন, কিন্তু শেষ দিকে তাঁদের লড়াই জয়ের আশা জাগানোর মতো ছিল না। শেষ ব্যাটার মুস্তাফিজুর রহমান ব্র্যাড ইভান্সের বলে ক্যাচ আউট হলে বাংলাদেশের ইনিংস ১৭২ রানে শেষ হয়।
বাংলাদেশ আজ বেশ কিছু অনুপস্থিতি নিয়েই মাঠে নেমেছিলো। হিপের চোটে সিরিজ থেকেই ছিটকে যাওয়া লিটন দাসের জায়গায় নেতৃত্ব দেন তৌহিদ হৃদয়, আর অসুস্থতার কারণে মেহেদী হাসান মিরাজও একাদশে ছিলেন না। ফলে দলে ছিল তিন পেসার ও দুই মূল স্পিনার। লিটনের বদলি হিসেবে ইমনকে দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশের সামনে ফাইনাল খেলার সমীকরণ এখন বেশ কঠিনই বলা চলে। সিরিজে নিয়মিত ম্যাচ মাত্র তিনটি, প্রতিটি দলের খেলা দুটি করে, আর ২৩শে অক্টোবর ফাইনাল। উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়ায় ২১শে অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া ফাইনালের আশা টিকিয়ে রাখা কার্যত অসম্ভব। ৯৯ রানের বড় হারে নেট রান রেটও এখন বাংলাদেশের জন্য বাড়তি মাথা ব্যথার কারণ। এর আগে জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর আবারও অতীতের পুনরাবৃত্তি দেখে সমর্থকদের মাঝেও হতাশার দেখা দিয়েছে। আগামী ১৯শে অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচের ফলও বাংলাদেশের সমীকরণে প্রভাব ফেলবে। তাই সমর্থকদের চোখ এখন সেই ম্যাচের দিকেই।
আরও পড়ুনঃ হামজাকে ছাড়াই ব্রিস্টলকে হারাল শেফিল্ড







