আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংঘটিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। সোমবার রাতের ম্যাচে সিদিকউল্লাহ আতালের সেঞ্চুরি আর রশিদ খানের চার উইকেটের জোরে জয় তুলে নেয় তারা। এই জয় বাংলাদেশের জন্য বিপদ ডেকে এনেছে।
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় টিম আফগানিস্তান। ম্যাচের শুরুতেই লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামেন দুই ওপেনিং ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গুরবাজের ১৯ বলে ২৫ এবং জাদরানের ২৩ বলে ২৩ রান দলের খাতায় ৫০ রান যোগ করলে ৮ম ওভারের প্রথম বলেই আরনেস্ট মাসুকুর বলে রহমানুল্লাহ গুরবাজ কাট করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড আউট হয়ে যায়। মাঠে নামেন আরেক আফগান ব্যাটার সিদিকুল্লাহ আতাল। ইব্রাহিম জাদরানের চার ছক্কায় প্রথম পাওয়ারপ্লে শেষে দলীয় রান দাঁড়ায় ৬০/১। আতাল এবং জাদরানের পার্টনারশিপে মাত্র ১৫.৩ ওভারেই দলীয় রান ১০০ পেড়িয়ে যায়। সেই সাথে ইব্রাহিম জাদরানও ৪৭ বলের এক লড়াকু ইনিংস খেলে তার অর্ধশতক তুলে নেন। ওয়ানডে ক্রিকেটে এটি ছিলো তার ১১তম অর্ধশতক।
২৬.৩ ওভারে জাদরানের অপর সঙ্গী আতালও তার অর্ধশতক তুলে নেন যা ছিলো তার ক্যারিয়ারের ৪র্থ হাফ সেঞ্চুরি, দলের খাতায় তখন ১৬২/১। আতালের হাফ সেঞ্চুরির মাত্র ১ ওভার পরেই মাসাকাজ্জার বলে পুল করতে গিয়ে আতাল একটি নড়বড়ে শর্ট খেলে মুজরাবানির হাতে একটি ক্যাচ তুলে দেন, তবে মুজরাবানি সেই ক্যাচটি তালু বন্দী করতে সক্ষম হননি। ৩১.৫ ওভারে ইব্রাহিম জাদরান ৯৬ বলে ৯০ রানের এক ঝড়ো ইনিংস খেলে ব্র্যাড ইভান্সের বলে তাফাদজওয়া সিগার ক্যাচে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন, দলীয় রান তখন ১৯০/২। তবে সিদিক-জাদরান জুটি ততক্ষণে ম্যাচ প্রায় অর্ধেক নিজেদের নামে করে ফেলেছে। মাঠে নামেন ক্যাপ্টেন রহমত শাহ্। মাত্র ১১ বলে রান ৭ রান করে মাসুকুর বলে বোল্ড হয়ে তিনি গ্যালারিতে ফেরত যান।
মাঠে নামেন আরেক আফগান ব্যাটার আজমাতুল্লাহ ওমরজাই। তিনিও মাত্র ৮ বলে ৮ রান করে মাসুকুর বলে উইকেট কিপার ব্র্যান্ডন টেইলরের হাতে ক্যাচ তুলে দেন। আতালকে সঙ্গ দিতে মাঠে নামেন হাসমাতুল্লাহ শহিদী। অপর পাশে আতাল তখন তার শতক পূর্ণ করতে ব্যস্ত। ১১০ বলে ১০২ রান করে তিনি তার ক্যারিয়ারের ৩য় শতক তুলে নেন। আতালের উইকেট তুলে নিতে একে একে যখন সবাই ব্যর্থ ঠিক তখনই বল তুলে নেন ক্যাপ্টেন সিকান্দার রাজা। রাজার ১০ম ওভারের ৩য় বলে আতাল লংঅনে তাফাদজওয়া সিগার হাতে একটি সহজ ক্যাচ তুলে দেন। ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। দলীয় রান তখন ২৫৯/৪।
আতালের আউটের পর ইনিংসের চেহারা বদলে যায়। এরপর একে একে মাঠে নামেন দলের বাকি সদস্য। তবে তারা কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি। হাসমাতুল্লাহ শহিদী ২৮ রানে প্যাভিলিয়নে ফিরলে মোহাম্মদ নবী ৮ বলে ৯, রশিদ খান ৭ বলে ৮, আল্লাহ গাজানফার ৬ বলে ৬ এবং জিয়াউর রহমান ২ বল খেলে ১ রান করে ম্যাচের স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ২৪ রান। ফারুকী ২ বল খেললেও সে দলের খাতায় কোন রান যোগ করতে পারেননি। ২৬৫/৫ থেকে ২৯৪ রানে অলআউট হয়ে আফগানিস্তান বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া করে। জিম্বাবুয়ের হয়ে মাসুকু ও ইভান্স তিনটি করে উইকেট নেন, ব্লেসিং মুজারাবানি ৯ ওভারে ৬৮ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। সিকান্দার রাজা পান ১টি।
২৯৫ রানের লক্ষ্যে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। তৃতীয় ওভারের প্রথম বলেই ওপেনার ব্যাটসম্যান বেন কারানকে ফজল হক ফারুকী বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান। এরপর বেননেট দলের হয়ে ভীত গড়ার চেষ্টা করলেও কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। কারানের শূন্য রানের ইনিংসের পর তাফাদজওয়া সিগারও ১২ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৭ ওভার শেষে দলীয় রান দাঁড়ায় ২৬/২। ৮ম ওভারের প্রথম বলেই ব্র্যান্ডন টেইলর ওমরজাইয়ের বল এবং তার নিজের ছোঁড়া বলে ডিরেক্ট হিটে রান আউট হয়ে মাত্র ১ রানেই মাঠ ছাড়েন।
মাঠে নামেন অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু কিছুক্ষণ পরেই অপরপাশে দীর্ঘক্ষণ টিকে থাকা ব্যাটসম্যান বেননেট ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ২৫ বলে ২৩ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন। এরপর সিকান্দার রাজা ৮০ বলে ৪৮ এবং রায়ান বার্ল ৬৩ বলে ৩১ করলেও বাকি সদস্যরা দলের খাতায় তেমন কার্যকরী কোন রান যোগ করতে পারেনি। মাত্র ৩৮.৪ ওভারে ১৩৬ রানে থামে জিম্বাবুয়ে। রশিদ খান মাত্র ১৭ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন। ফজলহক ফারুকিও ১৫ রানে নেন ২ উইকেট, আতাল হোন ম্যাচসেরা। গত ২০২৪-২৫ মৌসুমে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজেও সিরিজসেরা হয়েছিলেন তিনি।
এখন আগামী ২৩শে অক্টোবর হতে যাওয়া ফাইনালের হিসাবটা পরিষ্কার করে নেওয়া যাক। সিরিজে প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলবে। জিম্বাবুয়ে তাদের দুই ম্যাচই খেলে ফেলেছে, একটিতে বাংলাদেশকে হারিয়ে, আরেকটিতে আফগানিস্তানের কাছে হেরে।
আমার হিসাবে চিত্রটা এমন: আফগানিস্তান জিতলে চার পয়েন্ট নিয়ে তারা ও জিম্বাবুয়ে ফাইনালে যাবে, বাংলাদেশ ছিটকে যাবে। আর বাংলাদেশ জিতলে তিন দলেরই পয়েন্ট হবে ২, তখন নেট রান রেটেই ঠিক হবে কে ফাইনালে যাবে। অর্থাৎ বাংলাদেশের জন্য শুধু জয় নয়, জয়ের ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। উদ্বোধনী ম্যাচে ৯৯ রানে হারার কারণে রান রেটে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে। ফাইনালের পথ বাংলাদেশের জন্য অনেকটা সরুই বলা চলে। প্রথমে ব্যাট করলে আফগানিস্তানকে অন্তত ৬০ রানে হারাতে হবে, আর আগে বল করলে ১৫১ রানে আটকে ৪১.৩ ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে। এর কোনোটি না হলে ফাইনালের স্বপ্ন শেষ।
আরও পড়ুনঃ ত্রিদেশীয় সিরিজের শুরুতেই ধাক্কা, জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের লজ্জার হার







