---Advertisement---

বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের কাছে বাংলাদেশের সহজ আত্মসমার্পণ

শারজাহে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে বাংলাদেশের হারের নিউজ গ্রাফিক
---Advertisement---

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। ২১শে অক্টোবর বুধবার, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাচে ১৬০ রানে অলআউট হয় টাইগাররা, জবাবে ৩৫.৩ ওভারে ৩ উইকেটে ১৬১ রান তুলে ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আফগানরা। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে শুধু জয় নয়, বাংলাদেশের দরকার ছিল বড় ব্যবধানের এক জয়।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচেও দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসের পরিবর্তে মাঠে নামেন সহ অধিনায়ক তৌহিদ হৃদয়। লিটন ডান হিপ জয়েন্টে চোট পাওয়ায় এই ম্যাচ থেকেও তিনি ছিটকে যান। সাইফ হাসানের সঙ্গে ইনিংসের সূচনা করেন তানজিদ হাসান। ব্যাটিং অর্ডারেও আনা হয় একটি পরিবর্তন, তিন নম্বরে নামেন সৌম্য সরকার। তবে এই পরিবর্তন কোনো কাজেই আসেনি। ২য় ওভারে ৬ বলে মাত্র ১ রান করে ইয়ামিন আহমাদজাইয়ের বলে উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ। পরের বলেই ব্যাটে লাগিয়ে স্টাম্পে বল ঠেলে দিয়ে গোল্ডেন ডাকে বিদায় নেন সৌম্য।

এরপর আক্রমণে আসেন আজমতউল্লাহ ওমারজাই। ৬.৪ ওভারে তাঁর বলে ব্যাটের কানায় লাগিয়ে গুরবাজের গ্লাভসে ধরা পড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩টি চার এবং গুটি কয়েক রানে মাত্র ২৩ বলে ১৫ রান করে তিনিও প্যাভিলিয়নের দিকে পা বাড়ান। এক বল পরেই ওমারজাইয়ের ফিরতি ক্যাচে গোল্ডেন ডাকে সাজ ঘরে ফেরেন তৌহিদ হৃদয় । দলের স্কোর তখন ২৭/৩, মাত্র তিন বলের ব্যবধানে বাংলাদেশ হারায় দুই জন অভিজ্ঞ ব্যাটার। দলীয় স্কোর দাঁড়ায় ২৮/৪। প্রথম ৭ ওভারেই ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেয় টিম আফগানিস্তান।

সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। কিন্তু গতি এতটাই ধীর ছিলো যে মাত্র ৫০ রান তুলতে তারা ১৫ ওভার খরচ করে ফেলে। আফগান স্পিনারদের চাপ কাটিয়ে ওঠার চেষ্টায় তখন দুই টাইগার ব্যাটসম্যান প্রাণপণে লড়ে যাচ্ছেন। তাদের হাত ধরেই ২৬ ওভার শেষে দলের শতক পূর্ণ হয়। ২৯ ওভারে দলের স্কোর যখন ১১১/৪, তখন সাইফ হাসান ৩৯ ও পারভেজ হোসেন ইমন ৪২ রানে ব্যাট করছেন। দুজনে মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৯৩ রান।

এই জুটি ভাঙে ৩১.৩ ওভারে, ১২১ রানের মাথায় সাইফ হাসানের বিদায়ে। ৭০ বলে ৪১ রান করেন তিনি। সেখান থেকেই শুরু বাংলাদেশের দ্বিতীয় ধস। ৩২.৫ ওভারে ১২৪ রানে মেহেদী হাসান মিরাজ ৭ বলে মাত্র ২ রান করে বিলাল সামির বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন সাজ ঘরে ফেরেন। ৩৭.৩ ওভারে রশিদ খানের বলে বোল্ড হন শরীফুল ইসলাম। তিনিও তার ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। ১৪ বলে ৭ রানের মাধ্যমে তিনি তার ব্যাটিং শেষ করেন। দলের স্কোর লাইনে তখন ১৪৭/৭। ক্রিজে টিকে থাকা উইকেট কিপার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন যখন একা লড়াই করছেন, অপর প্রান্তে তখন কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। ৩৯তম ওভারে নবির বলে ছক্কা মেরে দলের ১৫০ পূর্ণ করেন ইমন, সেটাই ছিল বাংলাদেশের শেষ বড় মুহূর্ত। ঠিক পরের ওভারেই বল হাতে উইকেটে আসেন রশিদ খান। ওভারের ২য় বলেই পরাস্ত হন ইমন। এলবিডব্লিউ হয়ে ৯৬ বলে ৭০ রান করে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান, ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। মাঠে নামেন পেসার মুস্তাফিজুর রহমান। রশিদ খানের পরের বলেই শূন্য রানে মাঠ ছাড়েন তিনি। ৪১.২ ওভার শেষে মাত্র ১৬০ রানে থামে বাংলাদেশ।

আফগান বোলারদের মধ্যে রশিদ খান সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। ৮.২ ওভারে ৩১ রান খরচ করে ৪ উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে চার উইকেটের কীর্তি গড়েন। ইয়ামিন আহমাদজাই ৬ ওভারে ২১ রানে ২, ওমারজাই ৭ ওভারে ২৭ রানে ২, বিলাল সামি ৬ ওভারে ২৩ রানে ১ এবং মোহাম্মদ নবি ৯ ওভারে ৩৫ রানে ১ উইকেট পান। আল্লাহ গজনফর ৫ ওভারে মাত্র ১২ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও তিনি দুর্দান্তভাবে রান আটকে রাখেন।

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে আফগানিস্তানকে ততটাও বেগ পেতে হয়নি। দুই ওপেনিং জুটি রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান আক্রমণাত্মক ভাবে ম্যাচের সূচনা করেন। কিন্তু তাসকিন আহমেদ শুরুতেই আশা জাগান। ২.৫ ওভারে ২৮ রানের মাথায় অফ স্টাম্পে বল পিচ করে সিমে ভেতরে ঢুকিয়ে গুরবাজকে বোল্ড করে সাজ ঘরে ফেরান। ৮ বলে মাত্র ৬ রান করে তিনি প্যাভিলিয়নের পথে পা বাড়ান। ৭ম ওভারের শেষ বলে আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে সিদিকউল্লাহ আতালকেও বোল্ড করেন তাসকিন। ১৩ বলে ৪ রান করে তার ইনিংসের ইতি টানেন সিদিকউল্লাহ আতাল। দলীয় রান তখন ৩৯/২, কিছুক্ষণের জন্য হলেও ম্যাচে ফেরার গন্ধ পায় টিম টাইগার্স।

কিন্তু ইব্রাহিম জাদরান ও রহমত শাহ ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নেন। ১৯.৬ ওভারে মুস্তাফিজুর রহমানের লেগ স্টাম্পের ফুল ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে শান্তর ক্যাচে আউট হন জাদরান। ৪৮ বলে ৩৪ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি সাজ ঘরে ফেরেন। আফগানিস্তান তখন ৯৫/৩। ততক্ষণে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেছে। সেখান থেকে বাকিটা সম্পন্ন করেন অধিনায়ক রহমত শাহ ও হাশমতউল্লাহ শহিদি। দুজনেই অপরাজিত থেকে যথাক্রমে ৬৭ ও ৩৬ রানের ইনিংস খেলে ম্যাচের পরিসমাপ্তি ঘটান। দুজনে মাত্র ১৫.৩ ওভারে অবিচ্ছিন্ন ৬৬ রান যোগ করে ম্যাচ শেষ করেন।

এই হারের মধ্য দিয়েই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের যাত্রা এখানেই শেষ। দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে পয়েন্টশূন্য থাকল টাইগাররা। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আফগানিস্তান ও একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দুই স্থান দখল করে নিয়েছে। আগামী ২৩শে অক্টোবরের শারজাহতে অনুষ্ঠিতব্য ফাইনালে তারা একে অপরের মুখোমুখি হবে। বাংলাদেশের জন্য সিরিজটা কাটল টপ অর্ডার ব্যর্থতার দুঃস্বপ্নে। দুই ম্যাচের দুটিতেই শুরুর দিকে উইকেট হারানো, আর মাঝের সারির দুই ব্যাটারের লড়াইয়ের পর লোয়ার অর্ডারের ধস, এই ছবিই যেন বারবার ফিরে এসেছে। সামনে বিশ্বকাপের প্রস্তুতির আগে ইমনের করা ৭০ রানের মতো ইতিবাচক দিক খুঁজে বের করাই এখন বাংলাদেশের প্রধান কাজ।

আরও পড়ুনঃ কিউবার পরে সাইফ কেরাওয়ালা, প্রবাসী ফুটবলারদের নিয়ে প্রশ্ন

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment