---Advertisement---

ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ৯৯-এ অপরাজিত সাদমান, প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

মিরপুর টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছেন সাদমান ইসলাম
---Advertisement---

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সাদমানের ঝলমলে ব্যাটিং-এ পজিটিভ সূচনা বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দিন শেষে ৭৪ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারিয়ে দলের খাতায় যোগ করেছে ২১৩ রান, রানরেট ছিলো ২.৮৮। সকালে মাঠের খেলার পাশাপাশি মিরপুরের আকাশও যেন কম খেলা দেখায়নি। কখনো কড়া রোদ, কখনোবা মেঘের আভাস। বিকেলে আলোর অভাবে দুবার থেমেছে খেলা। ধীরগতির এই দিনের মূল চরিত্র সাদমান, শতক থেকে মাত্র আর এক রান দূরে, অপরাজিত আছেন ৯৯ রানে।

শুরুটা স্বাগতিকদের জন্য মোটেও সুখকর ছিল না। ম্যাচের মাত্র ৬.৪ ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তানজিদ হাসান। জেইডেন সিলসের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৩ বলে করেন ৭ রান, বাউন্ডারি আসেনি একটিও। এরপর সাদমানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন মমিনুল হক। ২১.২ ওভারে ওয়ারিকানের বলে শামার জোসেফের হাতে ধরা পড়ার আগে ৫১ বল খেলে দুটি চারে ২৮ রান করেন তিনি। ৩৫.৩ ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরে যান। ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৪২ বলে একটি চারে করেন ১৯ রান। দলের রান তখন ১১০/৩।

ভাঙনের মুখে বাংলাদেশকে টেনে তোলেন সাদমান আর তাওহিদ হৃদয়। চোটের কারণে মুশফিকুর রহিম একাদশে না থাকায় সুযোগ পেয়েছিলেন হৃদয়। সাদমানের সঙ্গে ৮৮ রানের জুটিতে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। কিন্তু ৮৪ বলে ৩টি চারে ৪২ রান করার পর দুবার মাংসপেশিতে টান পড়ে। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে, ইনিংসে আবার ব্যাট করতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত। হৃদয়ের বিদায়ের পর সাদমানের সঙ্গী হন লিটন দাস। দিন শেষে তিনি ২৮ বলে একটি চারে ১০ রানে অপরাজিত।

সাদমানের ইনিংসটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২১৯ বল খেলে ১০টি চারে ৯৯ রানে অপরাজিত তিনি, কোনো ছক্কা না থাকলেও স্ট্রাইক রেট ৪৫.২১। বিকেল তিনটা পনেরোয় প্রথমবারের মতো খেলা বন্ধ হলে সেঞ্চুরি থেকে তিনি ছিলেন মাত্র ৪ রান পিছিয়ে। ৫০ মিনিট পর খেলা শুরু হলে আবার সুযোগ এলে মাত্র ১৬ মিনিট পরেই আলো পুনরায় কমে যায়, আর তাঁর ইনিংস থেমে যায় ৯৯ রানে। শতক পূর্ণ হলে এটা হবে তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় আর দেশের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে এই বাঁহাতি ওপেনারের অভিষেক হয়েছিল। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষেই ক্যারিয়ারের অন্যতম সেরা দিন কাটালেন তিনি।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ ছিলেন সিলস। ৮ ওভারে ৩ মেইডেনসহ ১৪ রান দিয়ে তুলে নেন ১ উইকেট, ইকোনমি ১.৭৫। জোমেল ওয়ারিকান ১৪ ওভারে ৩৩ রান খরচ করে নেন ২ উইকেট। জোসেফ ১০ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। গ্রিভস ১০ ওভারে ৪ মেইডেনসহ ৩০ রান দেন। জশুয়া বিশপ সবচেয়ে বেশি, ১৯ ওভার বল করে ৫০ রান দিয়েছেন, তার নামে কোন উইকেট যোগ হয়নি। অধিনায়ক রোস্টন চেজ ১৩ ওভারে দিয়েছেন ৫৩ রান, ছিলেন উইকেটশূন্য। ইনিংসে বাড়তি রান এসেছে ৮টি, এর মধ্যে ৩টি নো বল, ৩টি বাই ও ২টি লেগ বাই।

দ্বিতীয় দিনের সকালে সবার চোখ থাকবে সাদমানের দিকে। একটি রান নিয়ে শতক পূর্ণ করার পর ইনিংস কত বড় করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। একই সঙ্গে হৃদয় ইনজুরি কাটিয়ে ফিরবেন কিনা সেদিকেও থাকবে বাড়তি নজর।

আরও পড়ুনঃ সাফের প্রাথমিক দলে হামজা-শমিতসহ ২৮ জন, নতুন মুখ রোনান ও মাহে, নেই ডেক্লান

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment