ক্রীড়া প্রতিবেদক, দেশেরখেলা.কম:
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় একইসঙ্গে মাঠে গড়ায় ফিফা আসিয়ান কাপ প্রিমিয়ার ডিভিশনের দুটি ম্যাচ, এক দিকে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া, অন্য দিকে সিঙ্গাপুর বনাম মালয়েশিয়া। বাংলাদেশের ম্যাচটা শেষ পর্যন্ত গড়ায় ৯-২ গোলের বিশাল ব্যবধানের হারে, তবে স্কোরলাইনের আড়ালে লুকিয়ে আছে এক কলঙ্কিত ইনজুরি টাইমের গল্প, যা নিয়ে এখন তোলপাড় চলছে সমর্থক মহলে।
প্রথমার্ধ: ছয় গোলের বন্যায় ভেসে গেল বাংলাদেশ
শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, শমিত সোম, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী আর গোলবারে শ্রাবণকে নিয়ে সাজানো একাদশে এই ম্যাচেও প্রথমার্ধে জায়গা হয়নি ফুলহাম প্লেয়ার বোরহাম লোনী ফারহান আলী ওয়াহিদের। অবশ্য কোচ থমাস ডুলির এই সিদ্ধান্তের মাশুল গুনতে সময় লাগেনি বাংলাদেশকে।
ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন মিচেল লি বেকার, নিজের দ্বিতীয় গোলটি করতে বেশি সময় ক্ষেপণ করেননি তিনি। মাত্র ২০ মিনিটের মাথায় ইন্দোনেশিয়া ২-০ গোলে লীড নেয়। বাংলাদেশের এই ভঙ্গুর ডিফেন্স লাইনের মাঝেও ম্যাচের মাত্র ২৭ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন শমিত সোম, তার জায়গায় মাঠে নামেন সোহেল রানা। ৩২ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিজকি রিধো।
৩৬ মিনিটে প্রথমবারের মতো জালের দেখা পায় বাংলাদেশ, শুকি ইতোফুসার দারুণ এক পাস থেকে গোল করেন মোহাম্মদ শাহরিয়ার ইমন। কিন্তু উল্লাসের রেশ কাটতে না কাটতেই আবারও আঘাত হানেন মিচেল লি বেকার, ৩৭ ও ৪২ মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। যোগ করা সময়ে ৪৬ মিনিটে ষষ্ঠ গোলটি করেন জাস্টিন হাবনার। প্রথমার্ধ শেষ হয় ১-৬ গোলে, বাংলাদেশের সমর্থকদের তখন শঙ্কা, গোলসংখ্যা না জানি কোথায় গিয়ে ঠেকে।
দ্বিতীয়ার্ধ: ফারহান নামতেই বদলে গেল পুরো দল
বিরতির পর বড় চমক দেন কোচ ডুলি, শাহরিয়ার ইমনকে তুলে মাঠে নামান ফারহান আলী ওয়াহিদকে। আর সেই পরিবর্তনেই যেন পুরোপুরি বদলে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাইটি ইন্দোনেশিয়াকে চোখে চোখে রেখে রীতিমতো দাপট দেখায় দলটি। ফারহান যতবার বল পেয়েছেন, প্রতিবারই বল নিয়ে পৌঁছেছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ড পর্যন্ত। প্রথমার্ধে ছয় গোল হজম করা বাংলাদেশ ৮৯ মিনিট পর্যন্ত আর একটি গোলও হজম করেনি।
৯০ মিনিটে গিয়ে সপ্তম গোলটি করেন লুক ভিকারি। নিয়ম অনুযায়ী তখন ইনজুরি টাইম ঘোষণা করা হয় ২ মিনিটের। আর ঠিক এর পরের মিনিটেই, ৯১ মিনিটে, বাংলাদেশের হয়ে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ।
আরও পড়ুন: পিএল২-তে ফুলহ্যামের আলো ছড়ানো ফারহান কি কোচ ডুলির ইগোর শিকার?
গোলের হিসেবে অগ্নিপরীক্ষায় পড়ে ইন্দোনেশিয়া, তারপরই ঘটে কাণ্ড
ফারহানের এই গোলের গুরুত্ব কিন্তু শুধু সান্ত্বনার ছিল না। একই সময়ে চলা মালয়েশিয়া-সিঙ্গাপুর ম্যাচে পয়েন্ট টেবিলে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সমান ৭ পয়েন্ট নিয়ে লড়ছিল, আর গোল ব্যবধানের হিসেবে ফারহানের এই গোলের পর এগিয়ে যায় মালয়েশিয়া। অর্থাৎ ফাইনালে যেতে ইন্দোনেশিয়ার তখন প্রয়োজন ছিল আরও অন্তত দুই গোলের।
খেলা প্রায় শেষের দিকে, ঠিক তখনই স্বাগতিক ইন্দোনেশিয়া যেন সময়ের সঙ্গে প্রতারণা করে বসল। আগে ঘোষিত ২ মিনিটের ইনজুরি টাইমকে বাড়িয়ে করা হয় ৭ মিনিট। এই বাড়তি সময়েই ৯৬ মিনিটে অষ্টম গোলটি করেন কেভিন ডিকস, আর তার পরের মিনিটেই নিজের তৃতীয় তথা দলের নবম গোলটি করে বাংলাদেশকে একরকম উড়িয়েই ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর ফাইনালে ইন্দোনেশিয়াকে পৌঁছে দেন মিচেল লি বেকার। আগামী ৫ অক্টোবর গ্রুপ বি-এর চ্যাম্পিয়নের বিপক্ষে ফাইনাল খেলবে তারা।
ক্ষুব্ধ হামজা, প্রশ্নবিদ্ধ ডুলির কৌশল
ম্যাচ শেষে স্পষ্টতই ক্ষুব্ধ দেখা গেছে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীকে। ২ মিনিটের ইনজুরি টাইম কীভাবে ৭ মিনিটে রূপ নিল, তা পুরো বিশ্বই দেখেছে। শুধু বাংলাদেশ নয়, এই ঘটনা নিয়ে সমালোচনা করতে দেখা গেছে মালয়েশিয়ার সমর্থকদেরও, যেহেতু এতে সরাসরি প্রভাব পড়েছে তাদের টুর্নামেন্ট-ভাগ্যে।
এর পাশাপাশি নতুন করে সামনে এসেছে কোচ থমাস ডুলির কৌশল নিয়ে প্রশ্ন, বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফারহানকে না নামানোর সিদ্ধান্ত। এই প্রসঙ্গে সেভ বাংলাদেশ ফুটবল জানিয়েছে, সেই ম্যাচে সিঙ্গাপুর ফাইনাল থার্ডে অনেক স্পেস দিচ্ছিল, যেখানে ফারহানকে দরকার ছিল। তবে ডুলি তাকে নামাননি। আজ শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করে ফারহান প্রমাণ করে দিলেন, কেন তাকে সেই ম্যাচে দরকার ছিল।
অন্য মাঠে মালয়েশিয়ার বড় জয়
একই সময়ে চলা অন্য ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়া। ইনজুরি টাইম নিয়ে অবিচার না হলে বাংলাদেশের এই লড়াকু দ্বিতীয়ার্ধ হয়তো মালয়েশিয়ার জন্যই আশীর্বাদ হয়ে আসতে পারত।








