---Advertisement---

ইনফান্তিনো ঢাকায়: সংক্ষিপ্ত সফরেই বাংলাদেশকে ফুটবলের দেশ বললেন ফিফা প্রেসিডেন্ট

ঢাকা বিমানবন্দরে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাতের নিউজ গ্রাফিক
---Advertisement---

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আজ ঢাকায় তার স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে জানিয়ে গেলেন, তিনি আবারও অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। রোববার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণ করেন। মরক্কো থেকে ভুটানের থিম্পুর যাত্রা পথে ঢাকা ছিল তাঁর ট্রানজিট পয়েন্ট। মরক্কো ও থিম্পুর মধ্যে সরাসরি কোন ফ্লাইট না থাকায় তাঁকে ঢাকা হয়ে যেতে হচ্ছিল।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, সঙ্গে ছিলেন ফেডারেশনের সহসভাপতিরা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। অভিবাসন ও ট্রানজিট সংক্রান্ত আনুষ্ঠানিকতা সহজ করতে বাফুফে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছিল। এই সফর সম্পূর্ণ অনানুষ্ঠানিক ছিল, ফলে ফুটবলসংক্রান্ত কোনো কর্মসূচি রাখা হয়নি। অবশ্য এটা ইনফান্তিনোর প্রথম সফর ছিলো না। এর আগেও ফিফা প্রেসিডেন্ট ২০১৯ সালের ১৭ই অক্টোবর, একদিনের সফরে ঢাকায় এসেছিলেন ।

অল্প সময়ের এই উপস্থিতিতে বাংলাদেশের ফুটবলপ্রেমের ভূয়সী প্রশংসাও করেছেন ইনফান্তিনো। জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের ২-১ গোলের জয় ঘিরে সমর্থকদের উল্লাসের কথাও মনে করিয়ে দেন তিনি। তাঁর মতে, বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ম্যাচে রেকর্ড পরিমাণ আয় এনে দিয়েছিল এবং সান মারিনোর ইতিহাসে তাদের ঘরের মাঠে ফুটবল ম্যাচের সর্বোচ্চ দর্শক সমাগম হয়েছিল। একই সঙ্গে বাফুফের নেতৃত্বের ফুটবলের যে উন্নয়ন ঘটছে তার প্রশংসা করে বলেন, ছেলেদের ও মেয়েদের ফুটবলে বাংলাদেশ আরও বিনিয়োগ পাওয়ার যোগ্য।

বাফুফের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে বিদায়ী বক্তব্যে ইনফান্তিনো বলেন, এবারের সফর ছোট হলেও খুব শিগগিরই আবার ঢাকায় ফিরতে হবে এবং এ নিয়ে বাফুফে সভাপতির সঙ্গেও তার আলোচনা চলছে। তাঁর ভাষায়, দেশে প্রশিক্ষণ কেন্দ্র ও একাডেমি গড়ার কয়েকটি ভালো প্রকল্প রয়েছে। বাংলাদেশকে তিনি ফুটবলের দেশ আখ্যা দিয়ে জানান, ফিরে আসাটা নিশ্চিত এবং সম্ভাব্য তারিখও তাঁরা এখন দেখছেন। লক্ষ্য একটাই, বাংলাদেশের ফুটবলকে আরও ভালোভাবে প্রভাবিত করা।

সাংবাদিকদের কাছে তাবিথ আউয়াল জানান, ফিফা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ছিল অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত। তিনি আশা করেন, ওই প্রকল্পগুলোর কাজ শুরু হলে ইনফান্তিনোকে বাংলাদেশে সরকারি সফরে আমন্ত্রণ জানানোর সুযোগ তৈরি হবে। সাক্ষাতের সময় ২০২৬ বিশ্বকাপ ফাইনালের অফিশিয়াল ম্যাচবল হাতে ছবিও তোলেন দুজন।

ঢাকার এই দেখা অবশ্য প্রথম নয়। দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপের ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। ওই বৈঠকের পর ফিফা প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসাও করেছিলেন তাবিথ। বাংলাদেশ জাতীয় দল যখন ফিফা আসিয়ান কাপেের তিন ম্যাচের ৩টিতেই হেরে বিদায় নিলো, তখন সেই ব্যর্থতার মধ্যেও ফিফা প্রধানের সঙ্গে এই যোগাযোগ বাফুফের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেইলি স্টারের একটি প্রতিবেদনের শিরোনাম অনুযায়ী, জাকার্তার বৈঠকের পর তাবিথ আটকে থাকা ফিফা তহবিল কাজে লাগানোর আশার কথাও জানিয়েছিলেন।

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ঢাকায় ফুটবল ঘিরে যখন আলোচনার ঝড়, তখন ইনফান্তিনোর এই ফিরে আসার প্রতিশ্রুতি বাংলাদেশের ফুটবলে নতুন প্রত্যাশার আবির্ভাব ঘটিয়েছে। আলোচিত প্রকল্পগুলো এখন কতটা বাস্তবে রূপ নেয় এবং ফিফা প্রেসিডেন্ট ঠিক কবে আবার ঢাকায় আসেন, এটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুনঃ ত্রিদেশীয় সিরিজের শুরুতেই ধাক্কা, জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের লজ্জার হার

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment