এশিয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে আবারও মুখোমুখি হলো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, আর এবারও জয়ের হাসি ভারতের মুখে। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে ভারত। হ্যাংঝৌতে জেতা স্বর্ণপদক এবার জাপানেও ধরে রাখল শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল। হাসান নেওয়াজের ৯৬ রানের লড়াকু ইনিংস শেষ পর্যন্ত পাকিস্তানকে জয় এনে দিতে পারেনি।
শুরুতেই ধাক্কা, তারপর অভিষেকের ঝড়
প্রথমে ব্যাট করতে নামে ভারত। শুরুটা অবশ্য মসৃণ ছিল না। ইনিংসের ২.১ ওভারে ২৮ রানের মাথায় বেঞ্চে ফেরেন ওপেনার বৈভব সূর্যবংশী। ৯ বলে ২টি ছক্কায় ১৫ রান করে সাইম আয়ুবের বলে উসমান খানের হাতে ক্যাচ দেন তিনি। ৩.৫ ওভারে ৫১ রানে আরেক ওপেনার সাঞ্জু স্যামসনও আহমেদ দানিয়ালের বলে আরাফাত মিনহাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
তবে ঝড় তুললেন অভিষেক শর্মা। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৮ বলে ৬১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই বিধ্বংসী ব্যাটসম্যান, তার ইনিংসে ছিল ৩টি চার আর ৭টি ছক্কা। ৭.৫ ওভারে ৯৩ রানের মাথায় আরাফাত মিনহাসের বলে উসমান খানের স্টাম্পিংয়ে আউট হন তিনি। নবম ওভারেই ভারতের রান একশ পেরিয়ে যায়।
অভিষেক ফেরার পর দায়িত্ব নেন ঈশান কিশান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১০ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১১৪/৩, তখন আইয়ার ১৫ আর ঈশান ১২ রানে অপরাজিত। কিন্তু ১৩.১ ওভারে আরাফাত মিনহাসের বলে বোল্ড হন ঈশান কিশান, ১৮ বলে ২০ রান করে তিনিও মাঠ ছাড়েন। ১৪.১ ওভারে আবরার আহমেদের বলে সাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইয়ার। ১২৮/৩ থেকে মুহূর্তেই ভারত হয়ে যায় ১৩৩/৫। পাকিস্তান তখন ম্যাচে ফেরার গন্ধ পেতে শুরু করে।
তিলক-দুবের ঝোড়ো ফিনিশিং
এই চাপ কাটিয়ে দেন তিলক ভার্মা। ২১ বলে ফিফটি পূর্ণ করে ২২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে শেষ দিকে দ্রুত রান তোলেন শিবাম দুবে, ১৫ বলে ২টি চার ও ২টি ছক্কায় করেন ২৭ রান। ১৯.১ ওভারে ১৯৫ রানের মাথায় আহমেদ দানিয়ালের বলে মাজ সাদাকাতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দুবে। ১৯.৩ ওভারে ভারতের রান ২০০ ছাড়ায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান তোলে ভারত।
পাকিস্তানের বোলারদের মধ্যে আরাফাত মিনহাস ৩ ওভারে ২৫ রানে ২ উইকেট নেন। আহমেদ দানিয়ালও ৩ ওভারে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নেন। সাইম আয়ুব ৪ ওভারে ৪৭ রান দিলেও ১টি উইকেট নেন। আবরার আহমেদ ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন।
৩৯ রানে ৩ উইকেট, তবু হাল ছাড়েনি পাকিস্তান
২১২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। ৩.৪ ওভারে ৩৩ রানে ফেরেন সাহিবজাদা ফারহান। ওয়াশিংটন সুন্দরের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ১১ বল খেলে মাত্র ১০ রানে গুটিয়ে যান এই ব্যাটসম্যান। ৪.৫ ওভারে দলীয় ৩৬ রানে অক্ষরের বলে দুবের হাতে ধরা পড়েন উসমান খান। ৬.১ ওভারে ৩৯ রানে অক্ষরের বলেই সুন্দরের ক্যাচে আউট হন আরেক পাক ব্যাটসম্যান মাজ সাদাকাত। ১৮ বল খেলে মাত্র ২৩ রানের ইনিংস খেলেন তিনি। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের জয়ের আশা তখন প্রায় শেষ।
কিন্তু সেখান থেকেই শুরু হয় হাসান নেওয়াজের লড়াই। সাইম আয়ুবকে নিয়ে চতুর্থ উইকেটে তিনি গড়েন ৮৭ রানের জুটি। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৭৬/৩, তখন নেওয়াজ ২৬ ও আয়ুব ১২ রানে অপরাজিত ছিলেন। এরপর দুজনই গতি বাড়ান। ১৪.১ ওভারে ১২৬ রানের মাথায় দুবের বলে সুন্দরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইম। তিনি ২২ বলে ২৯ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন।
সাইম আউট হলেও থামেননি নেওয়াজ। এরপর আবদুল সামাদকে নিয়ে আরও কিছুক্ষণ লড়াই চালান তিনি। তবে ১৭.৩ ওভারে ১৬২ রানে সুন্দরের বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সামাদ। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ১৬৮/৫, জিততে দরকার ১২ বলে ৪৪ রান।
শেষ ওভারের নাটক
১৯তম ওভারে বুমরাহর করা ওভার থেকে আসে ১১ রান। ফলে শেষ ওভারে জিততে পাকিস্তানের দরকার দাঁড়ায় ৩৩ রান, যা কার্যত অসম্ভব সমীকরণ। তখন নেওয়াজ ৮৪ আর সাদ মাসুদ ১২ রানে অপরাজিত।
শেষ ওভারে বল হাতে আসেন শিবম দুবে। তাঁর ওভার থেকে আসে ১৩ রান। ওভারের শেষ বলে স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হাসান নেওয়াজ। ৫১ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় ৯৬ রান করে সেঞ্চুরির চার রান আগে থামেন তিনি। পাকিস্তানের ইনিংস শেষ হয় ১৯২/৬ রানে। দুবে ৩ ওভারে ৩৩ রান দিয়ে নেওয়াজ ও সাইম আয়ুবের ২টি উইকেট তুলে নেন।
ভারতের বোলিং
ভারতের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন (মাজ সাদাকাত ও উসমান খান)। ওয়াশিংটন সুন্দরও ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন (ফারহান ও সামাদ)। যশপ্রীত বুমরাহ ৪ ওভারে ৩৩ রান দেন, উইকেট পাননি। রবি বিষ্ণোই ৩ ওভারে দেন ৪৪ রান। অভিষেক শর্মাও ২ ওভার বল করে ২৩ রান দেন।
পাকিস্তানের বিপক্ষে টানা সপ্তম জয়
এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা সপ্তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ জিতল ভারত। এই আসরের আগের দিকে ভারতের মেয়েদের দলও সোনা জিতেছে। ফলে একই আসরে ভারতের ছেলে ও মেয়ে, দুই দলই স্বর্ণজয়ী হলো। ভারত যেখানে হ্যাংঝৌর স্বর্ণ ধরে রাখল, সেখানে পাকিস্তানকে এবার সন্তুষ্ট থাকতে হলো রুপায়।
আরও পড়ুনঃ ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ, ১০২ রানেই অলআউট







