অস্ট্রেলিয়া সফরের প্রথম ওয়ানডেতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়োজক অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য মাত্র ২৫.৪ ওভারেই পেরিয়ে যায় অজি নারীরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হন ফারজানা হক। ১১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শারমিন সুলতানাও। দলীয় ৩৩ রানে ২৬ রান করা শারমিন আক্তার বিদায় নিলে আরও চাপে পড়ে টাইগ্রেসরা। অধিনায়িকা নিগার সুলতানা জ্যোতি ৮৬ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া রিতু মনির ৪৫ বল থেকে সংগৃহীত ৪৫ রানের লড়াকু ইনিংসে ভর করে ৪৯.৪ ওভারে ১৬৬ রান তোলে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। ৩০ রান দিয়ে তিনি শিকার করেন ৪টি উইকেট। মেগান শুট পান ২টি উইকেট।
১৬৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। ওপেনার ফিবি লিচফিল্ড ৫৭ বলে ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার। ওপেনিং সঙ্গী জর্জিয়া ভল আউট হন ১৯ রানে।
পরবর্তীতে এলিস পেরি (২৬*) ও অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডের (২৫*) অপরাজিত ইনিংসে ভর করে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। বাংলাদেশের হয়ে হাবিব ইসলাম ৩৬ রানে ২ উইকেট এবং রাবেয়া খান ৩২ রানে ১টি উইকেট তুলে নেন।
বোলিংয়ে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত ২৫ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অ্যানাবেল সাদারল্যান্ড। আগামী ১১ই অক্টোবর ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ জায়ান হাকিম নিয়ে ফেসবুকে মুখ খুললেন থমাস ডুলি: বাংলাদেশের হয়ে খেলা কেন অসম্ভব







