---Advertisement---

তানজিদের ঝড়ো ৮৩, প্রথম দিন শেষে বাংলাদেশ ৩১৭/৮

---Advertisement---

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য এক স্বপ্নের মতো শুরু হয়েছিল, কিন্তু শেষটা হলো কিছুটা আফসোস নিয়ে। উদ্বোধনী জুটির ঝোড়ো ব্যাটিংয়ের পর মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া হয়েছে সফরকারীদের। দিনের খেলা শেষে ৮৪ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ। অপরাজিত আছেন নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলাম (৪)।

নিরপেক্ষ ভেন্যু আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখা যায় সাদমান ইসলাম ও তানজিদ হাসানকে। দুজনে মিলে প্রথম উইকেটে যোগ করেন ১২৪ রান। টেস্ট ম্যাচ হলেও তানজিদের ব্যাটিং ছিল সীমিত ওভারের মতো আগ্রাসী, মাত্র ৪১ বলেই তুলে নেন অর্ধশতক। কিন্তু ৮৩ রানে ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। আফগান কিপার ইকরাম আলিখিলের ক্যাচটাও ছিল দেখার মতো।

তানজিদ ফিরলেও সাদমান লড়াই চালিয়ে যান। ফিফটি পূর্ণ করে ৬৭ রানে পৌঁছান তিনি, কিন্তু মোহাম্মদ সালিমের বাউন্সারে পুল করতে গিয়ে স্কয়ার লেগে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দেন। ১৮৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর থেকেই ম্যাচের গতি বদলাতে থাকে।

মুমিনুল হক ভালো খেলছিলেন, ফিফটির আশাও জাগিয়েছিলেন। কিন্তু ৩৯ রানের মাথায় ইয়ামিন আহমাদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে এগিয়ে এসে ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে রহমত শাহের দুর্দান্ত ক্যাচে আউট হন। দলীয় রান তখন ২২১। এর পরের ঘটনাগুলো বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্ন। ইয়ামিনের ইনসুইং ইয়র্কারে ব্যাট নামানোর আগেই স্টাম্প হারান মুশফিকুর রহিম, ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। পাকিস্তান সিরিজের পর এ নিয়ে টানা ৭ ইনিংসে ফিফটির দেখা পাননি এই অভিজ্ঞ ব্যাটার। এরপর ২৯ রান করে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ২২৫ রানে ৫ উইকেট নিয়ে চায়ের বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর হাল ধরার চেষ্টা করেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ৬২ রানের জুটি দলকে কিছুটা স্বস্তি দেয়। তবে ইসমতের ভেতরে ঢোকা বলে কাট করতে গিয়ে ২৪ রানে বোল্ড হন মিরাজ। ২৮৭ রানে ষষ্ঠ উইকেটের পতন। এর কিছুক্ষণ পর ক্যারিয়ারের ২১তম টেস্ট ফিফটি পূর্ণ করেন লিটন। কিন্তু বড় ইনিংসের স্বপ্ন দেখার আগেই ৫৩ রানে সালিমের শর্ট বলে হুক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ইয়ামিনের ডাইভিং ক্যাচে বিদায় নেন তিনি। দলীয় রান তখন ৩০৩। দুই রান পরেই সালিমের ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন হাসান মাহমুদ। তবে উইকেটে নাঈম ও তাইজুল টিকে থেকে ৩০০ পেরিয়ে দিন শেষ করেন।

আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার সালিম, তিনি একাই ৩ উইকেট তুলে নিয়েছেন। ইয়ামিন ও ইসমত পেয়েছেন ২টি করে, আর একটি উইকেট গেছে কায়েস আহমাদের নামে। দ্বিতীয় দিন সকালে নাঈম-তাইজুল জুটি কত দ্রুত দলের রান ৩৫০ এর কাছাকাছি নিতে পারে, সেদিকেই এখন নজর।

আরও পড়ুনঃ লিচফিল্ডের ঝড় ও সাদারল্যান্ডের স্পেলে বড় হারে সিরিজ শুরু বাংলাদেশ নারী দলের

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment