৩ ম্যাচের সিরিজের শেষ ম্যাচেও মাইটি অস্ট্রেলিয়ার সামনে একপ্রকার খেই হারিয়ে ফেললো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়াল সফরকারীরা। অভিজ্ঞ পেসার মেগান শুটের বোলিংয়ে ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, আর সেই রান মাত্র ২২.৪ ওভারেই তুলে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। হাতে ছিল ১৬৪ বলের বড় সংখ্যা।
টসে জিতে আগে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া, আর স্বাগতিকরা শুরু থেকেই সেই সিদ্ধান্তের সুফল পেতে থাকে। নতুন বলে শুটের সামনে বাংলাদেশের ব্যাটাররা পুরোপুরি অসহায় হয়ে পড়েন। মাত্র ১৮ রানে ৩ উইকেট হারানোর পর ১৬.৫ ওভারে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৫। এ অবস্থা থেকে ম্যাচে ফেরার আশা ছিলনা বললেই চলে। তবে হাল ছাড়েননি শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। দুজনেই অর্ধশতক তুলে নিয়ে দলকে লজ্জার স্কোর করা থেকে বাঁচান। স্বর্ণার ৫৪ ও শারমিনের ৫০ রান দলের জন্য কিছুটা আশার সৃষ্টি করলেও বাকিদের কাছ থেকে আশানুরূপ সঙ্গ না পাওয়ায় ৪৯.৫ ওভারে মাত্র ১৭২ রানেই থেমে যায় ইনিংস।
১০ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মেগান শুট। অ্যানাবেল সাদারল্যান্ড ২৫ রানে ২ ও অ্যাশলে গার্ডনার ৪৯ রানে ২ উইকেট নেন। এলিস পেরি ও আলানা কিং উভয়েই একটি করে উইকেট পেয়েছেন ।
১৭৩ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা তেমন মসৃণ ছিল না। দলীয় খাতায় যখন মাত্র ৩৮, সুলতানা খাতুন এবং দিশা বিশ্বাসের অসাধারণ স্পেলে অস্ট্রেলিয়ার দুই বাঘা বাঘা ব্যাটসম্যান উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু তৃতীয় উইকেটে পেরি ও সাদারল্যান্ড মিলে গড়েন অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি, আর তাতেই বাংলাদেশের সব আশা যেন নিমিষেই শেষ। সাদারল্যান্ড ঝড়ো গতিতে ৫২ বলে ১২ চারে অপরাজিত ৭৪ রান করেন, পেরি ৬৪ বলে ৮ চারে অপরাজিত ৬৫। বাংলাদেশের বোলারদের মধ্যে দিশা বিশ্বাস নিজের ওয়ানডে অভিষেকে ৪০ রানে ১ উইকেট নিয়েছেন, আরেকটি উইকেট সুলতানা খাতুনের। হাবিবা ইসলাম ৪৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও জিতেছেন মেগান শুট। তিন ম্যাচে নিয়েছেন সর্বমোট ১০ উইকেট। অ্যালান বর্ডার ফিল্ডে নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অপরাজিত থাকার রেকর্ড এখন ২৪-০।
সিরিজের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও ভালো ছিল না। ৯ই অক্টোবর প্রথম ম্যাচে ১৬৬ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হারে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে সোবহানা মোস্তারির ঐতিহাসিক ১১৮ রানের ইনিংস ও নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ১৯৫ রানের রেকর্ড জুটিতে সম্মানজনক ২২০ রান তুললেও জর্জিয়া ভলের ঝড়ে ৯ উইকেটে হার স্বীকার করেন বাংলাদেশ। তবে শেষ ম্যাচে সেই ব্যাটিং শক্তির ছিটেফোটাও দেখাতে পারেননি কেউ। এই সফর থেকে সোবহানার সেঞ্চুরি আর শেষ ম্যাচে শারমিন-স্বর্ণার লড়াই ছাড়া বাংলাদেশের মনে রাখার মতো খুব বেশি কিছু নেই।
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের এই সিরিজে জয়ের ২ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া, আর বাংলাদেশ পেয়েছে শূন্য।
আরও পড়ুনঃ টেস্ট ড্রয়ের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ: লিটনের নেতৃত্বে ১৬ সদস্যের দল







