আবুধাবি টেস্টের তৃতীয় দিনটা ছিলো পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। সকালে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিকে আফগানিস্তানকে ২৪০ রানে গুটিয়ে দিয়ে ১০৬ রানের লিড নেয় সফরকারীরা। এরপর দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে দিন শেষে ৬ উইকেটে ২২৩ রান তুলে লিড দাঁড়িয়েছে ৩২৯ রানে।
আগের দিন ২১১/৪ নিয়ে খেলা শুরু করা আফগানিস্তান সকালে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল। কিন্তু দিনের শুরুতেই ইবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন ইকরাম আলিখিল (৩২), ভাঙে রহমত শাহের সঙ্গে তাঁর ৮০ রানের জুটি। এরপর আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। ৮৩তম ওভারে প্রথম বলে ইসমত আলমকে বোল্ড করেন হাসান। পরের বলে কায়েস আহমাদের ব্যাটের কানায় লেগে আসা ক্যাচ ঝাঁপিয়ে একহাতে তালুবন্দী করেন লিটন দাস। হ্যাটট্রিক বলে জিয়াউর রহমানের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউয়ে সিদ্ধান্ত বদলে গেলে উল্লাসে ফেটে পড়েন হাসান ও তাঁর সতীর্থরা।
এই কীর্তিতে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্ট হ্যাটট্রিকের তালিকায় নাম লেখালেন হাসান। এর আগে এই কীর্তি ছিল স্পিনার আলোক কাপালি (২০০৩) ও সোহাগ গাজীর (২০১৩)। কোনো বাংলাদেশি পেসারের এটাই ছিলো প্রথম টেস্ট হ্যাটট্রিক। ১৩ বছর পর আরও একটির দেখা মিলল। টেস্ট ইতিহাসের ৫০তম হ্যাটট্রিকও এটি, আর এ বছরের প্রথম। ২১ ওভারে ৫৫ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেছেন হাসান মাহমুদ। ইবাদত ১৫.১ ওভারে ৫৬ রানে নিয়েছেন ৪ উইকেট, বাকি উইকেটটি মেহেদী হাসান মিরাজের। ২১১/৪ নিয়ে দিন শুরু করা আফগানিস্তান শেষ ৬ উইকেট হারিয়ে যোগ করতে পেরেছে মাত্র ২৯ রান।
পুরো ধসের মধ্যে একপ্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক রহমত শাহ। ২১৬ বলে ১০ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০৫ রান করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে এটি তাঁর দ্বিতীয়, আর টেস্টে চতুর্থ সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে আফগানিস্তানের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে রেকর্ডও গড়েছেন তিনি। কিন্তু অন্য প্রান্তে সঙ্গ না পাওয়ায় তাঁর ইনিংস দলকে লিডের লজ্জা থেকে বাঁচাতে পারেনি।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা সহজ ছিল না। ৭.৩ ওভারে ৩১ রানে সাদমান ইসলাম (১৩) মোহাম্মদ সালিমের বলে রহমতের হাতে ধরা পড়েন। এরপর ইয়ামিন আহমাদজাইয়ের শিকার হয়ে মুমিনুল হক (৭) ও তানজিদ হাসান ৩১ রানে ফিরলে ১৫ ওভার শেষে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকেই বাংলাদেশকে টেনে তোলেন শান্ত ও মুশফিক। চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন তাঁরা। ১৪৮ বলে ৯ চারে ৮১ রান করে জিয়াউর রহমানের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। সেঞ্চুরি হাতছাড়া হলেও এই ইনিংসে দীর্ঘ ফিফটিখরা কাটিয়েছেন তিনি। অধিনায়ক শান্ত খেলেছেন ১৯১ বলের ধৈর্যশীল ইনিংস, ৫ চারে ৮২ রান করে কায়েস আহমাদের বলে বোল্ড হন। তাঁর বিদায়ে দলের অবস্থান দাঁড়ায় ২২২/৫।
দিনের শেষ ওভারে আসে আরেকটি নাটক। হ্যাটট্রিকে যাকে এলবিডব্লিউ করেছিলেন হাসান, সেই জিয়াই এবার হাসানকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান। ১ রান করে আউট হন হাসান, বাংলাদেশের স্কোর তখন ২২৩/৬। দিন শেষে ক্রিজে আছেন লিটন দাস (৫*) ও মেহেদী হাসান মিরাজ (০*)। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন রাজ।
আফগানিস্তানের বোলারদের মধ্যে জিয়া ২৩ ওভারে ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন। ইয়ামিন ১১ ওভারে ৪২ রানে ২ উইকেট পেয়েছেন, আর একটি করে উইকেট নিয়েছেন সালিম ও কায়েস।
আবুধাবির উইকেট ধীরে ধীরে নিচু হয়ে আসায়, বোলাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে বলেই মনে হচ্ছে। সোমবার চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। কত দ্রুত লিড বাড়িয়ে আফগানিস্তানকে বিশাল লক্ষ্য দেওয়া যায়, সেটাই এখন বাংলাদেশের ভাবনা।
আরও পড়ুনঃ হামজার রক্ষণে ক্লিনশিট, বাম্ফোর্ডের জোড়া গোলে লিঙ্কনকে ৩-০তে উড়িয়ে দিল শেফিল্ড







