ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীকে ছাড়াই জয়ে ফিরেছে শেফিল্ড ইউনাইটেড। ১৭ই অক্টোবর শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যাশটন গেটে ব্রিস্টল সিটির মুখোমুখি হন হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে জিতে দলের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট লুফে নিয়েছি ক্রিস ওয়াইল্ডারের দল। পোর্টসমাউথের কাছে হারের পর এই জয়ে আত্মবিশ্বাস ফিরেছে ব্লেডসদের শিবিরে।
ম্যাচের একমাত্র গোলটি আসে একেবারে শুরুর দিকে। ব্রিস্টলের রক্ষণ একটি ফ্রি-কিক ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান অলি আরব্লাস্টার। বক্সের বাইরে থেকে শান্তভাবে বল নিয়ন্ত্রণে এনে জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। এরপর পুরো ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখে শেফিল্ড, আর এটাই ছিল তাদের বড় সাফল্য।
খেলার ধরনেও ছিল চোখে পড়ার মতো পরিবর্তন। শুরুর ১৫ মিনিট বলের ৬৩ শতাংশ দখলে রাখে শেফিল্ড, যা ছিলো পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচের শুরুর ছবির সম্পূর্ণ উল্টো। হামজার জায়গায় মাঝমাঠে ক্যালভিন ফিলিপস ও আরব্লাস্টারের জুটি প্রতিপক্ষকে মাঝমাঠে চাপে রেখে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণ গড়তে সহায়ক ভূমিকা রেখেছে। কাগজে কলমে মাঝমাঠে সংখ্যায় পিছিয়ে থাকলেও এই দুজন ব্রিস্টলের খেলা তৈরির সুযোগ সীমিত করে রাখেন।
একই সাথে রক্ষণে ভালো করেছেন লিয়াম কিচিং ও মার্ক ম্যাকগিনেস। প্রথমার্ধে কিচিংয়ের শট ছিল সবচেয়ে বেশি, তাঁর একটি শট ডিফ্লেক্ট হয়ে পোস্টও ছুঁয়ে যায়। দ্বিতীয়ার্ধে মুখে আঘাত পেয়েও খেলা চালিয়ে যান ম্যাকগিনেস, ম্যাচের ৭৯তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়লেও ডিফেন্সে তিনি ছিলেন অনবদ্য এক পারফর্মার। ম্যাচে ঘানার ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড জর্ডান আইউ প্রথমবার শেফিল্ডের হয়ে শুরুর একাদশে নামেন, যদিও বাঁ প্রান্তে তাঁর প্রভাব ছিল খুবই অল্প। ডান-ব্যাকে খেলেন অধিনায়ক তাঙ্গাঙ্গা। শুরুর চার মিনিটে তাঁর ভুলে ইউ হিরাকাওয়া সুযোগ পেলেও এরপর তিনি মোটামুটি নির্ভরযোগ্য ছিলেন।
হামজার অনুপস্থিতিতে রাইট-ব্যাকের সংকট নিয়েও ওয়াইল্ডারের মাথাব্যথা ছিলো তুঙ্গে। ফেমি সেরিকি এখনো চোট থেকে সেরে ওঠেননি, আর বিকল্প হিসেবে থাকা হামজাও ছিলেন এই ম্যাচের জন্য নিষিদ্ধ। ১৪ই অক্টোবর পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচে ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের এই মিডফিল্ডার। এক গোলে পিছিয়ে থাকা শেফিল্ড ১০ জনের দল নিয়েই ২-০ ব্যবধান থেকে ঘুরে দাঁড়ায়, কিন্তু ম্যাচের ৮৯তম মিনিটে ইবু অ্যাডামসের গোলে পয়েন্ট শূন্য আর একরাশ হতাশা নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে রেফারি অলিভার ল্যাংফোর্ডকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন শেফিল্ড কোচ ওয়াইল্ডার। কার্ডটি নিয়ে ক্লাব কতৃপক্ষ ইএফএলের কাছে অভিযোগও জানাচ্ছে বলে জানা গেছে।
এ বছর ৩১শে আগস্ট লেস্টার সিটির সাথে থাকা দীর্ঘ ২১ বছরের সম্পর্ক চুকিয়ে এক বছরের চুক্তিতে স্থায়ীভাবে শেফিল্ডে ফিরেছেন বাংলাদেশের পোস্টার বয় হামজা। ২০২৫ সালে লোনে থাকাকালে দলের চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে ওঠায় বড় ভূমিকা রেখে সমর্থকদের প্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁকে নিয়ে শেফিল্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল ডার্বি কাউন্টির। ডার্বির সঙ্গে তাঁর কথাবার্তা প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে শেফিল্ডের প্রস্তাবে তিনি ব্লেডসদের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
আর ২৪শে অক্টোবর সেই ডার্বি কাউন্টির বিপক্ষেই মাঠে নামছেন হামজার শেফিল্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে। নিষেধাজ্ঞা কাটিয়ে সেদিন হামজাকে মাঠে দেখার সম্ভাবনা আছে, আর বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও আগ্রহ নিয়ে তার অপেক্ষায় থাকবেন।
ব্রিস্টলের বিপক্ষে জয়ের পর ১১ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ৪ হারে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলের ১১তম স্থানে আছে শেফিল্ড ইউনাইটেড। পোর্টসমাউথের কাছে হারের পর দলটি ছিল টেবিলের ১৫তম স্থানে, শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছিল। এক জয়ে চার ধাপ এগিয়ে এসেছে তারা, তবে মাঝ টেবিলের এই লড়াইয়ে ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ সাফ চ্যাম্পিয়নশিপে ভারত খেলছে: সাফের অফিশিয়াল বিবৃতি








