---Advertisement---

হামজার লাল কার্ডের পর শেফিল্ডের হার, রেফারিকে একহাত নিলেন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার

---Advertisement---

গতকাল বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে পোর্টসমাউথের ফ্রাটনপার্ক স্টেডিয়ামে, পোর্টসমাউত শেফিল্ডের মুখোমুখি হয়। ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-৩ গোলে হেরে মাঠ ছেড়েছে। ম্যাচটি হারলেও হারের চেয়ে ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। ম্যাচের ৪৪তম মিনিটে মিডফিল্ডার হামজা চৌধুরী লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়। পোর্টসমাউথের রায়ান কাভুমা-ম্যাকউইনকে ফাউল করে দুটি হলুদ কার্ড দেখেন হামজা। দ্বিতীয়টা আসে কাভুমা-ম্যাকউইন তাঁকে নাটমেগ করার পর। এই সিদ্ধান্ত ঘিরেই যত বিতর্কের জন্ম।

ম্যাচের সূচনা লগ্ন থেকেই হামজার শেফিল্ড যেন অনবদ্য এক খেলায় মেতে উঠে। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে একাধিক সুযোগ তৈরি করলেও, একটি বলও তারা গোলে রূপ দিতে সক্ষম হয়নি। মিডফিল্ড থেকে হামজার বাড়িয়ে দেওয়া বলে একাধিকবার গোল করার সুযোগ পেলেও ব্যামফোর্ড এবং টম ক্যানন সেগুলোকে কোন ভাবেই জালে জড়াতে পারেননি। ম্যাচের ৪১তম মিনিটে জ্যাক সোয়ানসনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় পোর্টসমাউথ।। প্রথম হাফ শেষ হয় ১-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় হাফের শুরুতে ১০জনের শেফিল্ড যেন এক প্রকার মেনেই নিয়েছিলো যে এই ম্যাচ তাদের থেকে হাত ছাড়া হয়ে গেছে। ম্যাচের ৫৪ মিনিটে আদ্রিয়ান সেগেচিচের গোলে ব্যবধান হয় ২-০।

তবে আসল ক্লাইম্যাক্স এখনো বাকি। দশজনের দল নিয়েও হাল ছাড়েনি শেফিল্ড। শেফিল্ড ক্যাপ্টেন জাফেত তাঙ্গাঙ্গা ম্যাচের ৫৯ মিনিটে প্রথম গোলটি শোধ করেন। এরপর প্রথম গোল করার মাত্র ৮ মিনিটের মাথায় ক্যালভিন ফিলিপসের কর্নারে হেড করে সমতায় ফেরান টম ক্যানন। এরপর উভয় পক্ষ আরও একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিলেন না। ম্যাচটি যখন পয়েন্ট ভাগাভাগি করে শেষ হতে যাবে ঠিক তখনই ম্যাচের ৮৯তম মিনিটে বদলি খেলোয়াড় এবু অ্যাডামস পোর্টসমাউথের হয়ে গোল করে বসেন। ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলে। এরপর অতিরিক্ত ৫ মিনিটে আর তেমন কিছুই করতে পারেনি সফরকারীরা।

ম্যাচ শেষে রেফারি অলিভার ল্যাংফোর্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়েন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। তাঁর অভিযোগ, রেফারি আগে হামজাকে বলেছিলেন যে লাল কার্ড দেখানো হবে না, পরে মত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। বিপক্ষ খেলোয়াড়দের দল বেঁধে রেফারির কাছে গিয়ে চাপ দেওয়াকে তিনি গেমস্ম্যানশিপ বলেছেন। এটা খেলারই অংশ, তবে এবার ফলটা তাঁদের বিপক্ষে গেছে বলে মনে করেন ওয়াইল্ডার।

তিনি আরও বলেছেন, হামজা আর কোথায় যাবে? এমন প্রশ্ন তুলে ওয়াইল্ডার বলেন, মাঠে এ ধরনের সংঘর্ষ তো সারাক্ষণই হয়। দরকার হলে রেন্টাঘোস্ট সিরিজের মি. ক্লেপোলের মতো কি হাওয়ায় মিলিয়ে যেতে হবে হামজাকে, এমন খোঁচাও দেন তিনি। স্যাম ম্যাকক্যালামকেও তিন-চারবার আটকানো হয়েছে, অথচ কোনো ফাউল দেওয়া হয়নি বলে জানান এই শেফিল্ড কোচ।

শেফিল্ডের হয়ে হামজা আসলে এই ধরনের ম্যাচেই সবচেয়ে বেশি কাজে লাগেন। মাঝমাঠে বল কেড়ে নেওয়া, সারা মাঠ জুড়ে দৌড়ানো আর শেষ পর্যন্ত লড়ে যাওয়া তাঁর পরিচিত খেলা। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ আর এফএ কাপ জেতার অভিজ্ঞতা আছে তাঁর। ২০২৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকে এ দেশের সমর্থকরাও তাঁর প্রতিটা ম্যাচের দিকে তাকিয়ে থাকেন। ইংল্যান্ডের এমন কঠিন লিগে কোচ নিজে তাঁর হয়ে মুখ খুলছেন, এটা হামজা এবং তার সমর্থকদের জন্য কম কথা নয়।

দুই হলুদে লাল কার্ডের কারণে হামজাকে এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। তাই পরের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে তাঁকে পাবে না শেফিল্ড। আবার ডান ব্যাকে সংকটও আছে দলের।

হারের পরে ১০ ম্যাচে ৩ জয়, ৩ ড্র আর ৪ হারে শেফিল্ডের পয়েন্ট ১২। ১০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শেফিল্ডের অবস্থান ১৫। শেফিল্ডের প্রিমিয়ার লিগে ওঠার আশা এখনো শেষ হয়নি, তবে পথ ধীরে ধীরে কঠিন হতে চলেছে। চ্যাম্পিয়নশিপের প্রথম দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যায়, তিন থেকে ছয়ের মধ্যে থাকা চার দল খেলে প্লে-অফ। ছয়ে থাকা ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের চেয়ে শেফিল্ড ৫ পয়েন্ট পিছিয়ে আছে এবং দুইয়ে থাকা মিডলসব্রোর চেয়ে ৯ পয়েন্ট। অবশ্য লিগে এখনো ৩৫ ম্যাচ বাকি, তাই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বৈকি। ব্রিস্টল সিটির বিপক্ষে হামজাকে ছাড়া জিততে পারলে তা দলের জন্য এক পজিটিভ ইম্প্যাক্ট বয়ে আনবে।

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment