বাংলাদেশ জাতীয় ফুটবল দলে বিভিন্ন পজিশনে খেলা একাধিক প্রবাসী ফুটবলারের সন্ধান মিললেও গোলপোস্টের দায়িত্ব এখনো সেই একই চেনা মুখের দখলে। আনিসুর রহমান জিকোর বিতর্কের পর তিনি দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকায় ভরসার গোলরক্ষক ছাড়াই ম্যাচ খেলতে হয়েছে দলকে। কোচ হ্যাভিয়ার কাবরেরার পর কোচ থমাস ডুলিও তাকে অবহেলার তালিকাতেই তুলে রেখেছেন। মাঝে মধ্যে ক্যাম্পে ডাক পেলেও মূল দলে জায়গা করে নিতে তিনি বারংবার ব্যর্থ হয়েছেন। ফুটবল খেলায় আক্রমণভাগ আর মাঝমাঠ ঝলমলে হলেও শেষ প্রহরীর জায়গায় ভরসা না থাকলে একটা ভুলেই যেন সব পরিশ্রম জলে যায়। সেই ভরসার জায়গাতেই হয়তো নাম লেখাতে পারতেন ২৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রপ্রবাসী গোলরক্ষক সাইফ আমির কেরাওয়ালা।
১৯৯৭ সালের ২৩শে জুন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউতে সাইফ কেরাওয়ালার জন্ম। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। বাবা বাংলাদেশি, তাঁর জন্ম খুলনায় এবং মা আমেরিকান। তিনি সিয়াটল সাউন্ডার্সের একাডেমি থেকে উঠে এসেছেন। পরে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের হাস্কিজের হয়ে খেলেছেন ৩৪ ম্যাচ। টাকোমা ডিফিয়্যান্সেও খেলার রেকর্ড রয়েছে তার। গত সেপ্টেম্বরের জাতীয় দলের ক্যাম্পেও তাঁকে ডেকেছিলেন কোচ থমাস ডুলি। ১০ই সেপ্টেম্বর ৩৪ জনের দল ছেঁটে ২৮ জনে নামানো হলে সাইফ তাতেও টিকে যান এবং ঐ তালিকায় নাম থাকা একমাত্র প্রবাসী গোলরক্ষক ছিলেন তিনিই। তবে ১৮ই সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপের চূড়ান্ত ২৩ জনের দলে জায়গা হয়নি তাঁর। গোলরক্ষক হিসেবে সেখানে জায়গা পেয়েছিলেন মিতুল মারমা, সুজন হোসেন আর মেহেদী হাসান শ্রাবণ। তবে বাদ পড়ার কারণ হিসেবে কোচ বা ফেডারেশন কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনবোধ করেননি।
সেভ বাংলাদেশ ফুটবলের মতে, সমস্যার জায়গাটা ক্লাব। তাদের দাবি, দেড় বছর ধরে সাইফ কোনো ক্লাবে ছিলেন না। অথচ জাতীয় দলে খেলার ব্যাপারে তিনি ছিলেন বদ্ধপরিকর, আর সেই ইচ্ছা থেকেই কোনো একটা ক্লাবে যোগ দেওয়া উচিত ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের পঞ্চম স্তরের কোনো ক্লাব হলেও সমস্যা ছিল না, বরং তাতে জাতীয় দলের কাছে তাঁর বিশ্বাসযোগ্যতা বাড়ত। কোয়ালিটির জোরে প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন, আরও দুএকটা উইন্ডো পেলে মূল দলেও জায়গা পাকা হতে পারত বলে মনে করে তারা।
গতকাল ২০শে অক্টোবর ক্রীড়া সাংবাদিক জনাব আবু সাদাত এক ভিডিও বার্তায় জানান, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার পথ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালা। তার জানানো বক্তব্যটি মুহুর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পরে এবং তীব্র বিতর্কের জন্ম দেয়। অনেক ভক্ত আবার এর পেছনে সিন্ডিকেটের প্রসঙ্গও তুলে আনছেন। তবে আজ বুধবার ফুটবল টুমরো-র প্রকাশ করা এক বক্তব্যে তিনি বলেন, এই সিদ্ধান্ত হতাশা থেকে নেওয়া নয়, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে তাঁর বাড়ি, পরিবার, বন্ধুবান্ধব ও ব্যবসা রয়েছে। ফুটবলের জন্য তাঁকে অনেক কিছু ত্যাগ করতে হবে, কিন্তু ফুটবলে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার মতো আগ্রহ তাঁর নেই। সমর্থকেরা এর চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্য, আর তিনি তাদের সেই নিশ্চয়তা দিতে পারছেন না, এ কথাও বলেছেন সাইফ।
এ ঘটনাকে ঘিরে আলোচনায় এসেছে কিউবা মিচেলের নামও। সেভ বাংলাদেশ ফুটবলের অভিযোগ, কিউবাকেও নানাভাবে অপমান করা হয়েছে। ২০০৫ সালের নভেম্বরে বার্মিংহামে জন্ম নেওয়া কিউবা বার্মিংহাম সিটি আর সান্ডারল্যান্ডের যুব দলে খেলেছেন। ২০২৫ সালের ১লা জুন তিনি বাংলাদেশি পাসপোর্ট হাতে পান। ৩রা জুন ফিফা তাঁর জাতীয় দল বদলের অনুমোদন দেয়। ২০২৫ সালের ১৩ই নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নেপালের বিপক্ষে ২-২ ড্র হওয়া ম্যাচের ৮০ মিনিটে তিনি হামজা চৌধুরীর বদলি হয়ে মাঠে নামেন, সেটাই ছিলো তাঁর একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। এরপর মার্চের ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের প্রাথমিক দলে তাঁর জায়গা হয়নি, সেবারও কোনো কারণ দর্শানো হয়নি। জিকোকেও সে দলে রাখা হয়নি।
দেশীয় ক্লাব পর্যায়েও কিউবার অভিজ্ঞতা ততটা ভালো ছিল না। ২০২৫ সালের জুলাইয়ে কিউবা তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দেন। আগস্টের বাহরাইন ক্যাম্পের জন্য অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেলেও ক্লাব প্রথমে তাঁকে ছাড়পত্র দেয়নি। পরে ২০২৬ সালের ৩রা জানুয়ারি বকেয়া বেতনের কারণে তিনি বসুন্ধরার সাথে তার চুক্তি বাতিল করেন বলে জানা যায়। এখন তিনি ইংল্যান্ডের আঞ্চলিক ঘরোয়া ফুটবল লিগ বারওয়েল এফসিতে আছেন। বাংলাদেশ ঘরোয়া লীগের চেনা ক্লাব বসুন্ধরা কিংস সাইফ কেরাওয়ালাকেও দলে ভেরাতে চাইলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
একজন ফুটবলার ডাক পেয়ে নিজ খরচে ক্যাম্পে যান, দল থেকে বাদ পড়েন, তারপর তাঁর নাম আর কোথাও শোনা যায় না। প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে এই ধারা বেশ কয়েকবার দেখা গেলে, সাইফ আর কিউবার ঘটনা মিলিয়ে প্রশ্নটা আবারও সামনে এসেছে। পরিষ্কার নীতি ছাড়া প্রবাসী ফুটবলারদের আনা আর বাদ দেওয়ার কাজ চলতে থাকলে বাংলাদেশ ফুটবলের লাভ বৈকি ক্ষতিই বাড়বে, এমন আশঙ্কা প্রকাশ করেছে সেইভ বাংলাদেশ ফুটবল।
আরও পড়ুনঃ ইনফান্তিনো ঢাকায়: সংক্ষিপ্ত সফরেই বাংলাদেশকে ফুটবলের দেশ বললেন ফিফা প্রেসিডেন্ট








