---Advertisement---

হামজার প্রত্যাবর্তনের ম্যাচে ড্র, দশজনের ডার্বিকে হারাতে পারল না শেফিল্ড

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে হামজা চৌধুরীর খেলা শেফিল্ড ইউনাইটেড-ডার্বি কাউন্টির ১-১ ড্রয়ের নিউজ গ্রাফিক
---Advertisement---

নিষেধাজ্ঞা কাটিয়ে শুরুর একাদশে ফিরলেন হামজা চৌধুরী, তবে জয়ের দেখা পেল না শেফিল্ড ইউনাইটেড। শনিবার ব্রামাল লেনে ডার্বি কাউন্টির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ক্রিস ওয়াইল্ডারের দল। দশজনের বিপক্ষে শেষ ২৫ মিনিটে একের পর এক সুযোগ নষ্ট করে জয় না পাওয়াটাই এখন বড় আফসোস হয়ে থাকল ব্লেডসদের জন্য।

১৪ই অক্টোবর পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচের ৪৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হামজা চৌধুরী। সেই লাল কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় ব্রিস্টল সিটির বিপক্ষে খেলতে পারেননি তিনি। শেফিল্ড অবশ্য সেই ম্যাচ ১-০ গোলে জয় ছিনিয়ে এনেছিল। আজ ২৪শে অক্টোবর, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শেফিল্ডের ঘরের মাঠ ব্রামাল লেনে ম্যাচটি মাঠে গড়ায়। এই ম্যাচে হামজা ডিফেন্সিভ লাইন এবং একজন রাইট-ব্যাক হিসেবে তার প্রত্যাবর্তন ঘটান। ৪-২-৩-১ ফরমেশনে গোলরক্ষক মাইকেল কুপার, রক্ষণভাগে অধিনায়ক তাঙ্গাঙ্গা, লিয়াম কিচিং ও বারোজ, মাঝমাঠে কালভিন ফিলিপস ও অলি আরব্লাস্টার, আক্রমণে তাহিত চং, টম ক্যানন ও বেন ব্রেরেটন ডিয়াজ, আর সামনে প্যাট্রিক ব্যামফোর্ডকে নিয়ে ক্রিস ওয়াইল্ডার তার একাদশ সাজান।

ম্যাচের শুরুতে চংয়ের ক্রসে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি শেফিল্ড। প্রথমার্ধে ক্যানন ও ব্যামফোর্ড মিলে ডার্বির ফাইনাল থার্ডে বল পৌঁছাতে পেরেছেন মাত্র ৩ বার, আর তিনটি স্পর্শই আসে টম ক্যাননের পা থেকে। অন্যদিকে প্রথমার্ধে তিনটি বড় সেভ করে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন মাইকেল কুপার। জো ওয়ার্ডের ক্রসের পর বল পেয়ে বক্সের ভেতর থেকে বব ক্লার্কের জোরালো শট প্রথমে ঠেকান কুপার, তবে ৩৭ মিনিটে আর পারেননি। ডার্বির গোলের সময় বল পোস্টে লেগে ফিরে আসে এবং ফাঁকা গোল পোস্টের সামনে থাকা ক্লার্কের জন্য সেটি ছিল বড্ড সহজ কাজ। ম্যাচ গড়ায় ০-১ গোলে। এরপরে ডার্বি কাউন্টি অনেক সুযোগ তৈরি করলেও প্রথম হাফে আর কোন গোলের দেখা পাননি। ০-১ গোলে পিছিয়ে বিরতিতে যায় শেফিল্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজার দায়িত্ব বেড়ে যায়। ডার্বির আক্রমণভাগ, বিশেষ করে মাইকেল মেইস্টার ও ক্যালাম মরিসের চাপ বারবার সামলাতে হয় তাঁকে। তবে ম্যাচের ৫৬ মিনিটে হামজার জায়গায় বদলি হয়ে নামেন ফিট হয়ে ফেরা ফেমি সেরিকি। সাথে নামেন সিডি প্যেক। দ্য স্টারের তথ্য মতে হামজার রেটিং ছিলো ৫/১০। তাদের মতে হামজা মেইস্টার ও মরিসের পরীক্ষা সামলেছেন এবং আক্রমণে বাড়তি ধার আনতে বদলি হয়েছেন।

সেরিকি নামার পর ডান দিক দিয়ে আক্রমণ বাড়ে, আর সেই চাপই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সেরিকিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডার্বির ডিয়ন স্যান্ডারসন, ম্যাচের ৬৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। একই মিনিটে শেফিল্ড দলে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন করেন। বদলি হিসেবে নামে জর্ডান আইউ ও রোমেল ডোনোভান। ডোনোভান নামার পরই যেন দলের গতি বদলে যায়।

ম্যাচের ৭৯ মিনিটে আসে সমতাসূচক গোল। ডোনোভান ডানদিক থেকে দূরের পোস্টে একটি ক্রস বাড়ান, আর ব্যামফোর্ড কাছ থেকে বল জালে ঠেলে দেন। তবে এই গোল করতে গিয়ে অস্বস্তিকরভাবে পড়ে চোট পান ব্যামফোর্ড, ফলস্বরূপ ম্যাচ থেকে ছিটকে যান তিনি। গোলের আনন্দ যেন মুহূর্তের মধ্যেই দুশ্চিন্তায় রূপ নেয়।

এরপর শেফিল্ড একের পর এক আক্রমণ চালিয়ে যায় তবে জয়ের জন্য প্রয়োজনীয় ২য় গোলটি আর পাওয়া হয়নি। স্কাই স্পোর্টসের লাইভ ব্লগের ভাষ্য মতে, শেষ দিকে শেফিল্ড সুযোগের পর সুযোগ নষ্ট করেছে। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে সেরিকিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ক্লার্ক। দশ জনের ডার্বি তখন শুধু রক্ষণ সামলাতেই ব্যস্ত। একের পর এক আক্রমণ যেন ডার্বির পেনাল্টি এরিয়াতে বৃষ্টি হয়ে নামছিলো কিন্তু একটি বলও শেফিল্ড জালে জড়াতে পারেননি। ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ হয়।

পয়েন্ট টেবিলে এই ড্র শেফিল্ডকে খুব একটা এগিয়ে দেয়নি। ১২ ম্যাচে ৪ জয়, ৪ ড্র ও ৪ হারে ১৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানেই থাকল ব্লেডস। পরের ম্যাচে তারা রেক্সহামের বিপক্ষে মাঠে নামবে। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থান দখল করে আছে তারা। অন্যদিকে ১২ ম্যাচে মাত্র ১ জয়, ৪ ড্র ও ৭ হারে মাত্র ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২৩তম স্থানে ডার্বি, ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে শুধু প্রেস্টন। দশ জনের দলের বিপক্ষেও জিততে না পারা তাই শেফিল্ডের জন্য আরও বড় আক্ষেপ।

হামজার জন্য ম্যাচটা ছিল ফিরে আসার, তবে এই ম্যাচে তিনি ততটা আলো ছড়াতে পারেননি। নিষেধাজ্ঞার পর মাঠে নেমে রক্ষণে নিজের জায়গা ধরে রেখেছেন, কিন্তু আক্রমণে তাঁর অবদান তেমন ছিল না। ওয়াইল্ডারকে তাই এখন ভাবতে হবে, হামজাকে রাইট-ব্যাকে খেলানো হবে নাকি তার নিজস্ব পজিশন মাঝমাঠেই রাখা হবে, কারণ সেরিকি ফেরায় রাইট-ব্যাকে বিকল্প বেড়েছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও তাকিয়ে থাকবেন সাফ চ্যাম্পিয়নশিপের আগে ক্লাবে হামজার ধারাবাহিকতার দিকে।

আরও পড়ুনঃ কিউবার পরে সাইফ কেরাওয়ালা, প্রবাসী ফুটবলারদের নিয়ে প্রশ্ন

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment