সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফে। ২৪শে অক্টোবর শনিবার আজ দুপুর ৩টার দিকে কোচ থমাস ডুলির সাজানো এই দলে জায়গা পেয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা দেওয়ান চৌধুরী, অ্যামেরিকান ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে খেলা শমিত সোম ও জামাল ভূঁইয়াসহ একঝাঁক প্রবাসী ফুটবলার। জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান। তবে দলে নেই রোনানের আরেক ভাই ডেক্লান সুলিভান।
তবে উল্লেখিত নতুন দুই মুখ যথাক্রমে রোনান সুলিভান এবং মাহে খান ইতিমধ্যেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে তাদের অভিষেক ঘটিয়েছেন এবং সেই সাথে আলোচিত মুখ রোনান সুলিভানও ভারতকে ট্রাই বেকারে হারিয়ে বাংলাদেশের হয়ে ২০২৬ সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা ঘরে তুলেছেন। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর এবার বসছে খোদ ঢাকায়, প্রথম দিনেই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখী হবে ভুটান। ক্লাব ফুটবলের ব্যস্ত সিডিউল থাকায় হামজা শমিত ফারহান ছাড়ায় আগামী ২৮শে অক্টোবর থেকে কোচ থমাস ডুলি তার বাকি শিষ্যদের নিয়েই জাতীয় দলের ক্যাম্প শুরু করতে ইচ্ছুক।
অবশ্য রোনানের নাম দলে থাকাটা একপ্রকার প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের অন্যতম সেরা সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি জোড়া গোল করে দেশবাসীকে তাক লাগিয়ে দেন, আর ভারতের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারেও গোল পান। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে, মালদ্বীপের মালেতে সেই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দ্বিতীয় নতুন মুখ মাহে খানের পথচলা একটু ভিন্ন। তিনি ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসির চেনা মুখ, চলতি মৌসুমে সাত ম্যাচ খেলে তাঁর গোল সংখ্যা ৯।
দলে নতুনদের জায়গা করে দিতে বাদ পড়েছেন বেশ কয়েকজন। ফিফা আসিয়ান কাপের দল থেকে বাদ গেছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি গোলও করেছিলেন ইমন। দলে ফিরেছেন মিডফিল্ডার কাজেম শাহ। এ ছাড়া ইসহাক আকন্দ ও মোহাম্মদ আসিফকে ডাকা হয়েছে শুধু অনুশীলনের জন্য, তাঁরা উক্ত ২৮ জনের তালিকায় নেই।
ঘোষিত দলের দিকে তাকালেই বোঝা যায়, ডুলির ঝুলি এবার যেন প্রবাসী ফুটবলারে ভরপুর, তবে একাদশে কতজন প্রবাসী ফুটবলার নিয়ে মাঠে নামবেন সেটাই এখন দেখার বিষয়। ফাহমিদুল ইসলাম, শুকি ইতোফুসা, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ ও জিদান আলেকজান্ডার ইউসুফ এই দলের প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার। সঙ্গে জায়ান আহমেদ ও তারিক কাজীও প্রবাসী, সেই সাথে আরও দুই নতুন মুখ রোনান ও মাহে।
পজিশন অনুযায়ী ২৮ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন, গোলরক্ষক মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ। মিডফিল্ডার মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন। ফরোয়ার্ড লাইনে আছেন ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহে খান ও শুকি ইতোফুসা।
দলে সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের থাকাটাও নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আসিয়ান কাপের সময় বিতর্কে জড়ানো এই দুজনও আছেন প্রাথমিক দলে। ইন্দোনেশিয়ার কাছে ৯-২ ব্যবধানে হারের পর নাইটক্লাবে যাওয়ার ছবি ছড়িয়ে পড়ায় তদন্তে নামে বাফুফে। তদন্ত শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, দুই ফুটবলারের নাইটক্লাবে যাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উভয়কে কমপক্ষে ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
সেই সাথে ডেক্লান সুলিভানের বাদ পড়া নিয়েও কথা উঠেছে। রোনানের ভাই ডেক্লানকেও দলে চেয়েছিলেন ডুলি, কিন্তু বাফুফের ৫০ জনের তালিকায় তাঁর নাম না দেখে শুধু রোনানকেই ডাকেন। ডুলি আগেই বলেছিলেন, রোনানকে সাফে পাওয়া যাবে, তবে ডেক্লানকে দেখা যাবে পরের কোনো আসরে। ডুলির আগের চাওয়া চার প্রবাসী ফুটবলারের মধ্যে লুই ওয়াটসন, ট্রেভর ইসলাম ও জায়ান হাকিমও এই তালিকায় নেই।
গ্রুপ পর্বের সূচিও জানা গেছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা, আর ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। আসর শুরু হবে ৫ই নভেম্বর, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ২০০৩ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া সাফে শেষবার শিরোপা জিতেছিল বাংলাদেশ । দীর্ঘ ২৩ বছর পর সেই শিরোপা ফিরে পেতে হামজা-শমিত-জামালদের নিয়ে সাজানো বাংলাদেশ দল কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুনঃ হামজার প্রত্যাবর্তনের ম্যাচে ড্র, দশজনের ডার্বিকে হারাতে পারল না শেফিল্ড









