---Advertisement---

বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: দ্বিতীয় দিন শেষে আফগানিস্তান ২১১/৪

আবুধাবি টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছেন আফগান অধিনায়ক রহমত শাহ
---Advertisement---

আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য ভালোভাবেই শুরু হয়েছিল , কিন্তু শেষটা হলো কিছুটা অস্বস্তি নিয়ে। প্রথম ইনিংসে ৩৪৬ রান তুলে অলআউট হওয়া বাংলাদেশের জবাবে, দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তান। অধিনায়ক রহমত শাহ ৮৪ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির দোরগোড়ায়, আর তাঁর সঙ্গী ইকরাম আলিখিল অপরাজিত রয়েছেন ২৬ রানে। ১৩৫ রানে পিছিয়ে থাকলেও ছয় উইকেট হাতে নিয়ে ম্যাচের লড়াইটা এখন বেশ জমে উঠেছে।

প্রথম দিন ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিন সকালে দলের খাতায় যোগ করে মাত্র ২৯ রান। ৯২.৩ ওভারে ৩৪৬ রানেই শেষ হয় ইনিংস। আফগানিস্তানের হয়ে ইনিংসে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ সালিম, তিনি ৮২ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। ইয়ামিন আহমাদজাই পেয়েছেন ৭৯ রানে ৩ উইকেট।

জবাব দিতে নামা আফগানিস্তান শুরুতেই ধাক্কা খায়। হাসান মাহমুদের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সেদিকুল্লাহ আতাল। এরপর দ্বিতীয় উইকেটে ভালো কিছুর আভাস দেন আবদুল মালিক। ৬২ রানের ইনিংস খেলে তিনি আফগানদের লড়াইয়ে রাখেন, ২১তম ওভারে শাহিদুল্লাহ কামাল ইবাদত হোসেনের বলে হুক করতে গিয়ে ক্যাচ দিলে বাংলাদেশ পায় আরেকটি সাফল্য। এরপর ইবাদতের ফুলার লেন্থের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বসেন মালিক, লিটন দাস ডান দিকে ঝাঁপিয়ে একহাতে ক্যাচটি তালুবন্দী করেন। স্কোর তখন ১৩৪/৩।

চা-বিরতির পর ম্যাচে প্রাণ ফেরান উইকেটের পেছনে থাকা লিটন। মেহেদী হাসান মিরাজের বলে হাশমতউল্লাহ শহীদিকে ২ বলেই শূন্য রানে স্ট্যাম্পিং করে ফেরান তিনি। ৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে আফগানিস্তান তখন ১৩৯/৪, ম্যাচের গতি পুরোপুরি বাংলাদেশের দিকে। কিন্তু সেখান থেকেই যেন ঘুড়ে দাঁড়ান রহমত।

ক্রিজে বসে পড়ে বাংলাদেশি বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন রহমত। ১১২ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ৭ম ফিফটি। ইকরামের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি, যা এসেছে ১৯৪ বল খেলে। শেষ সেশনে বাংলাদেশের তিন স্পিনারের কেউই ভাঙতে পারেননি এই জুটি। ১৮৬ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজানো রহমতের ইনিংসটি অধিনায়ক হিসেবে টেস্ট যাত্রার শুরুতেই আফগানিস্তানকে একটি শক্ত ভিত্তি দিয়েছে। ইকরাম খেলেছেন ৯১ বলে ২৬ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো ছিলেন এবাদত, ১১ ওভারে ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মিরাজ।

রহমতের সামনে এখন নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরির সুযোগ। এর আগে তিনি ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষেই আফগানিস্তানের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। আফগানিস্তান কত দ্রুত ব্যবধান ঘোচাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ, ৭ উইকেটের হারে শুরু ওয়ানডে সিরিজ

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment