ক্রীড়া প্রতিবেদক, দেশেরখেলা.কম:
জাতীয় দলের জার্সিতে প্রথম গোল করেই আন্তর্জাতিক ফুটবলমহলের নজর কাড়লেন ফারহান আলী ওয়াহিদ। খেলোয়াড় খুঁজে বের করার জন্য পরিচিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘রাইজিং বলার্স’ নিজেদের পেজে তুলে ধরেছে এই তরুণ ফরোয়ার্ডের নাম, যা নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
নিজেদের পোস্টে রাইজিং বলার্স লিখেছে, ফারহান আলী ওয়াহিদের নামটা মনে রাখার মতো, কারণ এই আন্তর্জাতিক বিরতিতে প্রথম ডাক পেয়েই বাংলাদেশের হয়ে নিজের প্রথম গোলটি করেছেন তিনি। এই গ্রীষ্মে ফুলহ্যাম থেকে ধারে বোরহাম উড এফসিতে যোগ দেওয়া ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মন্তব্য করেছে প্ল্যাটফর্মটি। পোস্টে আরও উল্লেখ করা হয়, গত মৌসুমে পিএল২ (প্রিমিয়ার লিগ ২) প্লেয়ার অব দ্য সিজনের মনোনয়ন পাওয়া ফারহান এখন একই সঙ্গে ন্যাশনাল লিগ ও নিজের দেশের হয়ে সিনিয়র ফুটবলের স্বাদ নিচ্ছেন।
এই পোস্টটি নিজেদের পেজে শেয়ার করেছে ফুটবল সংগঠন সেভ বাংলাদেশ ফুটবলও, যেখানে তারা লিখেছে, লাল-সবুজের জার্সিতে ফারহান আলী ওয়াহিদের প্রথম গোল নিয়ে পোস্ট দিয়েছে বিখ্যাত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম রাইজিং বলার্স।
পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে সমর্থকদের মধ্যে, মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, ফারহানকে বলের জোগান আরেকটু বাড়িয়ে দিলে আরও অনেক গোলের দেখা মিলবে তার কাছ থেকে।
উল্লেখ্য, ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাঠে নেমে গোল করেন ফারহান, যা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে দেশের ফুটবলমহলেও। এবার সেই গোলই পৌঁছে গেল আন্তর্জাতিক ফুটবল সাংবাদিকতার মহলেও।
আরও পড়ুনঃ ব্রোঞ্জের লড়াইয়েও ব্যর্থ বাংলাদেশ, রত্নায়েকে-ঝড়ের পর ব্যাটিং ধসে হার শ্রীলঙ্কার কাছে








