ক্রীড়া প্রতিবেদক, দেশেরখেলা.কম:
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবলের এক বিরল রাত দেখল ভারত। দশকের পর দশক পরে প্রথমবারের মতো বিশ্বফুটবলের অভিজাত শক্তি ব্রাজিলের মুখোমুখি হলো তারা, তবে মাঠের খেলায় সেই মাহাত্ম্যের প্রতিফলন ঘটাতে পারল না স্বাগতিকরা। প্রীতি ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ভারত।
ম্যাচের ২৮ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন এস্তেভাও উইলিয়ান। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধে আরও দাপট দেখায় ব্রাজিল, ৫৮ মিনিটে তৃতীয় গোলটি করেন সামুয়েল লিনো, আর যোগ করা সময়ে ম্যাচের ৯৫ মিনিটে নিজের দ্বিতীয় তথা দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।
পরিসংখ্যানেও পুরো ম্যাচেই আধিপত্য ছিল ব্রাজিলের। মোট ২১টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে, অন্যদিকে ভারত শট নেয় মাত্র ৭টি, লক্ষ্যে ছিল ২টি। বল দখলেও ৬৫-৩৫ শতাংশ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। কর্নার কিকের হিসেবেও ব্রাজিল এগিয়ে ছিল ৮-৬ ব্যবধানে।
স্কোরলাইন একতরফা দেখালেও পুরোপুরি নিষ্প্রভ ছিল না ভারতের আক্রমণভাগ। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে বেশ কয়েকবার দারুণ সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা, তবে প্রতিবারই ফিনিশিংয়ের অভাবে সেগুলোকে গোলে রূপ দিতে ব্যর্থ হয় তারা। র্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও প্রতিপক্ষের রক্ষণে কিছুটা ভীতি ছড়াতে পারাটাই ভারতের জন্য এই রাতের একমাত্র সান্ত্বনা।
র্যাঙ্কিংয়ে বিশ্বের ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের বিপক্ষে ১৩৮তম স্থানে থাকা ভারতের জন্য এই ম্যাচ ছিল মূলত নিজেদের সামর্থ্য যাচাইয়ের একটা মঞ্চ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের কোচ খালিদ জামিল স্বীকার করেছিলেন, এমন হাইভোল্টেজ ম্যাচের চাপ তার দলের উপর ছিল। সাধারণ ও সতর্ক ফুটবল খেলে কোনো বাড়তি ঝুঁকি না নেওয়াই ছিল তাদের পরিকল্পনা, কারণ সামান্য ভুলও এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চরম মাশুল গুনতে হতে পারত বলে জানিয়েছিলেন তিনি।
অন্যদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের আগে মন্তব্য করেছিলেন, ভারতে ক্রিকেটই সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও, তার মানে এই নয় যে দেশটিতে ফুটবলের প্রতি ভালোবাসা কম। ভারতীয় দর্শকদের সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরতে পেরে আনন্দিত থাকার কথাও জানিয়েছিলেন তিনি।
এক মাস পরেই সাফে বাংলাদেশের প্রতিপক্ষ এই ভারত
বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচের গুরুত্ব অন্য জায়গায়। ঠিক এক মাস পরেই সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হবে এই ভারত। সম্প্রতি বিশ্বকাপ খেলা পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা, যা বাংলাদেশি সমর্থকদের কাছে রীতিমতো নতুন এক ভারতের ছবি তুলে ধরছে। অথচ মাত্র কয়েক মাস আগেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে এই ভারতের বিপক্ষেই ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ।
আসিয়ান কাপে বাংলাদেশের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পর তাই সমর্থকদের মনে নতুন করে প্রশ্ন জাগছে, সাফ জয়ের বুলি আওড়ানো বাফুফে ও কোচ থমাস ডুলি আদৌ কীভাবে এই রূপান্তরিত ভারতকে আটকাবেন, সেই প্রশ্নই এখন পরিণত হয়েছে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: ২-৯ গোলের মহাবিপর্যয়ের মাঝেও ফারহান-ম্যাজিক, কিন্তু ইনজুরি টাইম নিয়ে বিতর্কে পুড়ল বাংলাদেশ








